|
ইনজুরির ভান ধরে মাঠে শুয়ে থাকার সুযোগ হারাচ্ছেন গোলরক্ষকরা!
নতুন সময় ডেস্ক
|
![]() ইনজুরির ভান ধরে মাঠে শুয়ে থাকার সুযোগ হারাচ্ছেন গোলরক্ষকরা! নতুন নিয়ম অনুযায়ী, কোনো গোলরক্ষককে মাঠে চিকিৎসা নিতে হলে বা আঘাতের কারণে খেলা বন্ধ রাখতে হলে তাকে এক মিনিটের জন্য মাঠ ছেড়ে যেতে হবে। এই নিয়মটি মূলত বিদ্যমান আইনের ওপর ভিত্তি করে তৈরি, যেখানে আউটফিল্ড ফুটবলারদের আঘাতজনিত চিকিৎসার ক্ষেত্রে একই বিধান কার্যকর রয়েছে। এফএর বিবৃতিতে বলা হয়েছে, গোলরক্ষকদের আঘাতকে কৌশলগতভাবে খেলার গতি ব্যাহত করতে, ছন্দ কমিয়ে আনতে এবং টেকনিক্যাল এরিয়া থেকে নির্দেশনা নেওয়ার সুযোগ তৈরি করতে ব্যবহার করা হচ্ছে। এই সমস্যা মোকাবিলায় এবং খেলার স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে পরীক্ষামূলক ব্যবস্থাটি চালু করা হচ্ছে। মৌসুমজুড়ে আইএফএবি ও অন্যান্য অংশীদারদের সঙ্গে মিলে এর কার্যকারিতা পর্যবেক্ষণ করবে ইংলিশ ফুটবল কর্তৃপক্ষ। তবে সব পরিস্থিতিতে এই নিয়ম প্রযোজ্য হবে না। যেসব ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হয়েছে সেগুলো হলো—গোলরক্ষককে ফাউল করার কারণে যখন চিকিৎসার প্রয়োজন হয়, মাঠের অন্য কোনো ফুটবলারের সঙ্গে সংঘর্ষে উভয়েরই চিকিৎসার প্রয়োজন পড়ে, রক্তপাত বা শারীরিক আক্রমণের ফলে আহত হন যার জন্য ফ্রি-কিক দেওয়া হয় এবং গোলরক্ষকের তাৎক্ষণিক চিকিৎসা ছাড়া উপায় থাকে না। ফুটবল ম্যাচে প্রতিপক্ষের সামান্য স্পর্শ বা অন্য কোনো যৌক্তিক কারণ ছাড়াই মাঠে শুয়ে চিকিৎসার ভান ধরার প্রবণতা দীর্ঘদিন ধরে গোলরক্ষকদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এই সময়ে টেকনিক্যাল এরিয়া থেকে কৌশলগত নির্দেশনা নেওয়ার সুযোগ কাজে লাগানো হয়। সমর্থক, ফুটবল বিশেষজ্ঞ ও প্রতিপক্ষ কোচদের কাছে এই অভ্যাস দীর্ঘদিন ধরে হতাশার কারণ হয়ে আসছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
