নাঙ্গলকোটে জায়গা-জমির বিরোধে যুবকের হামলায় বৃদ্ধ আহত, বিচার দাবি পরিবারের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 30 July, 2026, 4:21 PM
নাঙ্গলকোটে জায়গা-জমির বিরোধে যুবকের হামলায় বৃদ্ধ আহত, বিচার দাবি পরিবারের
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের অষ্টগ্রামে বাড়ির জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে তার আপন ভাইয়ের নাতিদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন অষ্টগ্রাম এলাকার কালামিয়া মেম্বারের তৃতীয় পুত্র আলী আক্কাস (৭৫)। আহত আলী আক্কাসের অভিযোগ, বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় তিনি অষ্টগ্রাম মিয়ার বাজারে গেলে পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা মানিক (৩০) ও তার ভাই সামী (২০), পিতা হারুনুর রশীদ, তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। পরে গলা চেপে ধরা, দাড়ি টানা এবং এলোপাতাড়ি কিল-ঘুষি মারার অভিযোগ করেন তিনি। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। আহতের একমাত্র মেয়ে ফাতেমা অভিযোগ করে বলেন, গত প্রায় ১০ বছর ধরে বাড়ির জায়গা দখলের উদ্দেশ্যে তার চাচাতো ভাই হারুনুর রশীদের দুই ছেলে মানিক ও সামী এবং তাদের মা রিনা বেগম (৪৫) বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছেন। সুযোগ পেলেই তার বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলেও দাবি করেন তিনি। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন পরিবারের সদস্যরা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মানিক বলেন, “রাগের মাথায় আমি শুধু ধাক্কা দিয়েছি। এর বাইরে আর কিছু করিনি।” এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর রহমান বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”