শ্রীপুরে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বিভিন্ন দেশের পতাকা বিক্রির ধুম, পতাকা কিনতে ভিড় করেছে ফুটবল প্রেমীরা
মোহাম্মদ আলী বাবুল, শ্রীপুর
প্রকাশ: Saturday, 13 June, 2026, 2:55 PM
শ্রীপুরে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বিভিন্ন দেশের পতাকা বিক্রির ধুম, পতাকা কিনতে ভিড় করেছে ফুটবল প্রেমীরা
গাজীপুরের শ্রীপুরে শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল সমর্থকদের উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে বিভিন্ন দেশের পতাকা কিনতে ভিড় করছেন ফুটবলপ্রেমীরা।
বিশেষ করে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল ও ফ্রান্সের পতাকার চাহিদা সবচেয়ে বেশি। এতে জমে উঠেছে পতাকা বিক্রির মৌসুমি ব্যবসা।
উপজেলার জৈনাবাজার, মাওনা চৌরাস্তা, শ্রীপুর পৌর শহর ও বিভিন্ন বাজার এলাকায় ফুটপাত, রাস্তার মোড় ও অস্থায়ী দোকানে রঙিন পতাকা বিক্রি করতে দেখা গেছে ব্যবসায়ীদের।
ছোট আকারের পতাকা থেকে শুরু করে ভবন ও ছাদে টানানোর জন্য বড় আকারের পতাকাও বিক্রি হচ্ছে। পতাকার পাশাপাশি জার্সি, হেডব্যান্ড, ক্যাপ ও বিভিন্ন সমর্থক সামগ্রীও বিক্রি হচ্ছে ব্যাপক হারে।
ব্যবসায়ীরা জানান, বিশ্বকাপ সামনে রেখে গত কয়েক সপ্তাহ ধরেই বিক্রি বাড়তে শুরু করেছে। প্রতিদিনই ক্রেতাদের ভিড় বাড়ছে। অনেকেই আগেভাগেই নিজেদের পছন্দের দলের পতাকা কিনে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে টানিয়ে দিচ্ছেন।
শ্রীপুর পৌর শহরের পতাকা বিক্রেতা মো. সোহেল মিয়া বলেন, বিশ্বকাপ এলেই আমাদের ব্যবসা কয়েকগুণ বেড়ে যায়। এবারও আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার চাহিদা সবচেয়ে বেশি। প্রতিদিন শতাধিক পতাকা বিক্রি হচ্ছে।
মাওনা চৌরাস্তা এলাকার আরেক ব্যবসায়ী বাবুল মিয়া বলেন, ছোট পতাকা ৫০ থেকে ১৫০ টাকা এবং বড় পতাকা ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বিশ্বকাপকে কেন্দ্র করে এবার ভালো ব্যবসার আশা করছি।
পতাকা বিক্রেতা রওশন আলী বলেন, সারা বছর অন্য ব্যবসা করলেও বিশ্বকাপ এলেই পতাকা বিক্রি করি। এতে বাড়তি আয় হয়। বিভিন্ন আকারের পতাকা বিক্রি হচ্ছে। তরুণদের মধ্যে উৎসাহ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।
ফুটবলপ্রেমী মাহমুদুল হাসান মাহিন বলেন, বিশ্বকাপ মানেই অন্যরকম উৎসব।আমি আর্জেন্টিনার সাপোর্টার, প্রিয় দলের পতাকা টানিয়ে সমর্থন জানাতে ভালো লাগে। খেলা শুরু হওয়ার আগেই আমরা বন্ধুদের নিয়ে এলাকার বিভিন্ন স্থানে পতাকা লাগানোর প্রস্তুতি নিচ্ছি। স্থানীয় বাসিন্দা সাদেক আলী বলেন, বিশ্বকাপ এলেই এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের মধ্যে আনন্দ কাজ করে। পতাকা বিক্রি ও কেনাবেচা সেই উৎসবেরই একটি অংশ।
ব্যবসায়ীরা জানান, বিশ্বকাপের উদ্বোধনের পর থেকে পতাকা ও সমর্থক সামগ্রীর বিক্রি আরও বেড়েছে। ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসে শ্রীপুরের বাজারগুলো ইতোমধ্যে রঙিন হয়ে উঠেছে বিভিন্ন দেশের পতাকায়। বিশ্বকাপকে ঘিরে এ মৌসুমি ব্যবসা স্থানীয় অনেক ক্ষুদ্র উদ্যোক্তার জন্যও বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি করেছে।