চরভদ্রাসনে ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে চালকের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 6 June, 2026, 10:41 AM
চরভদ্রাসনে ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে চালকের মৃত্যু
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে মোহাম্মদ জয় বিশ্বাস (২৪) নামে এক ট্রাক্টরচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের চরকল্যাণপুর বালুরঘাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষিজমি চাষাবাদের কাজ করার সময় ট্রাক্টরটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এ সময় ট্রাক্টরচালক জয় বিশ্বাস নদীর পানিতে তলিয়ে নিখোঁজ হন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে চরভদ্রাসন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
অনেক চেষ্টার পর নদী থেকে ট্রাক্টরটি উদ্ধার করা হয়। পরে নদীর পানি থেকে চালক জয় বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জয় বিশ্বাস ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের বাসিন্দা। তিনি গোলাম বিশ্বাসের ছেলে। জীবিকার তাগিদে তিনি বিভিন্ন এলাকায় ট্রাক্টর দিয়ে কৃষিকাজ করতেন।
চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান (বদু) মৃধা জানান, জয় প্রায় তিন মাস ধরে এলাকায় কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একজন পরিশ্রমী ও নম্র স্বভাবের যুবক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, তরুণ এই ট্রাক্টরচালকের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্থানীয়রাও এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।