সোনারগাঁয়ে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব শুরু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 3 June, 2026, 3:23 PM
সোনারগাঁয়ে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব শুরু
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম প্রাঙ্গণে বুধবার (৩ জুন) সকালে পূজা-অর্চনার মধ্য দিয়ে উপমহাদেশের প্রখ্যাত সাধক শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী-এর ১৩৬তম তিরোধান উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়েছে।
তিন দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনকে কেন্দ্র করে আশ্রম ও আশপাশের এলাকা ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।
ভোর থেকেই দেশ-বিদেশ থেকে আগত ভক্তরা আশ্রমে সমবেত হয়ে পূজা-অর্চনা, প্রার্থনা, গীতাপাঠ এবং বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন। বর্ণিল আলোকসজ্জা ও নান্দনিক সাজে সজ্জিত আশ্রম প্রাঙ্গণ ভক্ত ও দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
উৎসবে অংশ নিতে বাংলাদেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতের বিভিন্ন অঞ্চলসহ বিশ্বের নানা প্রান্ত থেকে হাজার হাজার লোকনাথ ভক্ত বারদীতে এসেছেন। তাদের জন্য আশ্রম কর্তৃপক্ষ তীর্থ নিবাসসহ বিভিন্ন স্থানে আবাসন ও খাবারের বিশেষ ব্যবস্থা করেছে।
তিরোধান উৎসব উপলক্ষে বারদী এলাকায় সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী মেলাও বসেছে। মেলায় স্থান পেয়েছে বিভিন্ন লোকজ পণ্য, ধর্মীয় সামগ্রী এবং গ্রামীণ সংস্কৃতির নানা উপকরণ। ফলে ধর্মীয় আয়োজনের পাশাপাশি উৎসবটি পরিণত হয়েছে এক বৃহৎ মিলনমেলায়।
উৎসবের কর্মসূচির মধ্যে রয়েছে প্রভাত কীর্তন, ঊষাকীর্তন, গীতাপাঠ, লোকনাথ ব্রহ্মচারীর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, বাল্যভোগ ও রাজভোগ বিতরণ, প্রসাদ বিতরণ, ভক্তিমূলক সংগীত, সন্ধ্যা আরতি এবং কীর্তন। এসব আয়োজনে অংশ নিয়ে ভক্তরা মহাসাধকের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন এবং নিজেদের ও পরিবারের কল্যাণ কামনা করছেন।
উৎসবে আগত ভক্তদের জন্য বিনামূল্যে শিশুদের দুধ, ওষুধ ও চিকিৎসাসেবা, মিষ্টি, চিড়া-মুড়ি, বাতাসা, পানি ও শরবত বিতরণের ব্যবস্থা করেছে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। উৎসবকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গলবার আশ্রম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ ব্রিফিং ও প্যারেড অনুষ্ঠিত হয়।
সোনারগাঁয়ে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব শুরু
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী জানান, উৎসবস্থলে পুলিশ, র্যাব ও আনসারসহ ছয় শতাধিক সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, মেঘনা নদীতে নৌ-পুলিশের টহল এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উৎসব চলাকালে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শংকর কুমার দে জানান, উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগত ভক্তরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে লক্ষ্যে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, উৎসবকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, লোকনাথ ব্রহ্মচারী ১৭৩০ সালে ভারতের বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যের কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘ সাধনা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি আধ্যাত্মিক জগতে বিশেষ মর্যাদা লাভ করেন। জীবনের শেষ ২৬ বছর তিনি বারদীতে অবস্থান করে মানবতা, প্রেম ও সেবার বাণী প্রচার করেন। ১৯ জ্যৈষ্ঠ বারদী আশ্রমে তাঁর মহাপ্রয়াণ ঘটে। সেই স্মরণে প্রতিবছর তিরোধান উৎসব পালন করা হয়।
ভক্তদের বিশ্বাস, মানবতা, প্রেম ও সেবার যে আদর্শ লোকনাথ ব্রহ্মচারী রেখে গেছেন, তা আজও মানুষকে আলোর পথ দেখায়। সেই বিশ্বাস থেকেই প্রতিবছর লাখো ভক্ত সমবেত হন বারদীর এই পবিত্র তীর্থভূমিতে।