ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তিতে ঘরমুখো মানুষ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 25 May, 2026, 7:57 PM

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তিতে ঘরমুখো মানুষ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তিতে ঘরমুখো মানুষ

ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ, টানা বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার (২৫মে) সকাল থেকেই গাজীপুরের টঙ্গী, বোর্ডবাজার, চান্দনা চৌরাস্তা, সালনা, ভোগড়া ও মাওনা এলাকায় কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শিল্পাঞ্চল গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানায় ঈদের ছুটি শুরু হওয়ায় একযোগে লাখো শ্রমিক রাজধানী ও আশপাশের এলাকা ছেড়ে নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন। একই সঙ্গে দূরপাল্লার বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ির চাপ বেড়ে যাওয়ায় মহাসড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে।

যাত্রীদের অভিযোগ, স্বাভাবিক সময়ে ঢাকা থেকে ময়মনসিংহ যেতে যেখানে তিন থেকে চার ঘণ্টা সময় লাগে, সেখানে যানজটের কারণে দ্বিগুণ সময় লাগছে। অনেকে ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থাকছেন। বিশেষ করে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা এবং সালনা থেকে মাওনা অংশে যানজট বেশি দেখা গেছে।

বাসচালক ও পরিবহন সংশ্লিষ্টরা জানান, বৃষ্টির কারণে সড়কের কিছু অংশে পানি জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া কোথাও কোথাও বিকল যানবাহন এবং অতিরিক্ত চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিকল যান দ্রুত সরিয়ে নিতে রেকার টিম প্রস্তুত রাখা হয়েছে। তবে বিকেলের পর আরও কারখানায় ছুটি শুরু হলে যানবাহনের চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা। দীর্ঘসময় আটকে থাকায় অনেকেই খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পড়েন। গরম ও যানজট মিলিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষও দেখা গেছে।

এছাড়া ঢাকা-টাঙ্গাইল-চন্দ্রা মহাসড়কেও যানজটে থেমে থেমে যানচলাচল করতে দেখা গেছে। কোথাও কোথাও তীব্র ও মাঝারি যানজট রয়েছে। কোথাওবা আবার যানবাহনে স্থবিরতার ফলে কয়েক কিলোমিটার এলাকায় দেখা দিয়েছে যানবাহনের জটলা।

হাইওয়ে পুলিশের দায়িত্বরত সদস্যদের পাশাপাশি থানা পুলিশসহ মহাসড়কে যানজট নিরসনে সরব ভূমিকা পালন করছে পুলিশ এমনটি জানিয়েছেন জি এম পির ক্রাইম এন্ড অপারেশন্স পুলিশ কমিশনার বেলায়েত হোসেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status