স্বচ্ছ ও সহজ ভূমি ব্যবস্থাপনায় নতুন দিগন্ত, খাগড়াছড়িতে ভূমি সেবা মেলার উদ্বোধন
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Tuesday, 19 May, 2026, 7:01 PM
স্বচ্ছ ও সহজ ভূমি ব্যবস্থাপনায় নতুন দিগন্ত, খাগড়াছড়িতে ভূমি সেবা মেলার উদ্বোধন
খাগড়াছড়িতে জনসাধারণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে “ভূমি সেবা মেলা-২০২৬” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াদুদ ভূইয়া, এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের জন্য দীর্ঘদিন ধরে জটিল ও ভোগান্তিপূর্ণ ছিল। বর্তমান সরকার ডিজিটালাইজেশনের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনাকে সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে নিরলসভাবে কাজ করছে। তিনি জনগণকে অনলাইন সেবা গ্রহণে সচেতন হওয়ার আহ্বান জানান এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে সেবা প্রদানের নির্দেশনা দেন।
মেলায় ভূমি নামজারি, খতিয়ান ও পর্চা সংক্রান্ত তথ্য, ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি আবেদন, অনলাইন সেবা গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা সহজ ও কার্যকরভাবে প্রদান করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং সরাসরি সেবা গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
“করবো কাজ, গড়বো দেশ—সবার বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলার আয়োজন করে জেলা প্রশাসন, খাগড়াছড়ি পার্বত্য জেলা ও উপজেলা ভূমি অফিস, খাগড়াছড়ি সদর। সহযোগিতায় ছিল ভূমি মন্ত্রণালয়।