চকরিয়ায় মাতামুহুরী নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু
ফরিদা ইয়াছমিন
প্রকাশ: Tuesday, 19 May, 2026, 10:47 AM
চকরিয়ায় মাতামুহুরী নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে আদর দাশ (১২) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে মাতামুহুরী ব্রিজ পয়েন্ট এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত আদর দাশ চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের ভরামুহুরী খোদারকুম হিন্দুপাড়ার প্রবাসী প্রদীপ দাশের ছেলে। সে চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৭ম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের স্বজন রনজিত দাশ জানান, সোমবার দুপুরে আদর দাশ কয়েকজন বন্ধুর সঙ্গে মাতামুহুরী নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে নদীতে অবৈধ বালু উত্তোলনের ফলে সৃষ্টি হওয়া গভীর চোরা বালিতে তলিয়ে যায় সে। পরে সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে মাতামুহুরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর বিভিন্ন স্থানে গভীর গর্ত ও চোরা বালির সৃষ্টি হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ স্থান শিশু-কিশোরদের জন্য মৃত্যুফাঁদে পরিণত হলেও সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। স্থানীয় সচেতন মহল নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, মাতামুহুরী নদীতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।