|
নোয়াখালীতে ডাক্তার দেখিয়ে সেনবাগ ফেরার পথে ট্রাকচাপায় বাবা নিহত মেয়ে আহত
মোঃ ইব্রাহিম, সেনবাগ
|
![]() নোয়াখালীতে ডাক্তার দেখিয়ে সেনবাগ ফেরার পথে ট্রাকচাপায় বাবা নিহত মেয়ে আহত নিহত ব্যক্তির নাম হযরত মাওলানা বেলাল হোছাইন ফতেহপুরী (৫২) তিনি জেলার সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ফতেহপুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম।গুরুতর আহত তার মেয়ের নাম তালবিয়া মুসতারি (৫)। একই সময় তাদের সঙ্গে ছিলেন পরিবারের আরও দুই সদস্য বেলাল হোছাইনের স্ত্রী তামান্না রহমান (৪০) ও আরেক মেয়ে তাসপিয়া সুলতানা (১২)। তারা দুইজনই অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে গেছেন। পুলিশ, পরিবারে সদস্য ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সকালে সেনবাগ উপজেলার ফতেহপুর গ্রামের বাড়ি থেকে অসুস্থ দুই মেয়ে ও স্ত্রীকে ডাক্তার দেখাতে বেগমগঞ্জের চৌমুহনী ‘হলি কেয়ার হসপিটালে’ যান বেলাল হোছাইন ফতেহপুরী। বেলা ১২টার দিকে স্ত্রী ও সন্তানদের ডাক্তার দেখিয়ে হাসপাতাল থেকে বের হন। মেয়ে তালবিয়াকে হাতে নিয়ে সড়ক পর হচ্ছিলেন বেলাল হোছাইন। পেছনে আরেক মেয়েকে নিয়ে সড়কের দিকে আসছিলেন স্ত্রী। এরই মধ্যে ফেনী থেকে চৌমুহনী অভিমুখী দ্রুতগতির একটি ট্রাক বেলাল হোছাইন ও তার মেয়েকে চাপা দেয়। এতে মুহূর্তেই বাবা-মেয়ে ছিটকে পড়ে সড়কে।ঘটনাস্থলেই বাবা বেলাল হোছাইন মারা যান, আর মেয়ে তালবিয়া গুরুতর আহত হয়। গুরুতর আহত তালবিয়াকে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার পর পরই ঘাতক ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে। খবর পেয়ে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে। তবে পুলিশ গিয়ে ঘটনাস্থলে নিহত কিংবা আহত কাউকে পায়নি। পরে পুলিশ নিহত বেলাল হোছাইনের ফতেহপুর গ্রামের বাড়িতে গিয়ে দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নেয়। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই মো. সবুজ মিয়া জানান, হাসপাতালে ডাক্তার দেখিয়ে সড়ক পার হচ্ছিলেন বাবা ও মেয়ে। এরই মধ্যে একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা বেলাল হোছাইন মারা যান। আর মেয়ে তালবিয়া গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরিবারের অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
