|
কুড়িগ্রামে খাল পুনঃখনন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে খাল পুনঃখনন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আজ ১০ মে রোববার দুপুর সাড়ে ১২টায় প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। উদ্বোধন কালে ত্রাণমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শাসনামলে খাল খনন কর্মসূচির শুরু করেছিলেন। ওই খালের পানি দিয়ে কৃষকরা চাষাবাদ করতেন, ওই খালে মাছ চাষ হতো। ফলে মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল। এসময় কোদাল দিয়ে মাটি কেটে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দীর্ঘদিন খাল খনন ও পরিচর্যা কর্মসূচি বন্ধ ছিল। আমাদের নির্বাচনী কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখনন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পর্যায়ক্রমে সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে এবং একই সঙ্গে দেশের উত্তরাঞ্চলে বজ্রপাতে মানুষের যাতে জীবন না যায়, এজন্য বজ্র আশ্রয়কেন্দ্র গড়ে তোলারও প্রতিশ্রুতি দেন তিনি। উদ্বোধন শেষে তিনি খালের পাড়ে বৃক্ষরোপণ করেন। উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন মিডিয়া প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ। জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের আরাজী পলাশবাড়ী এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার সমাধানে প্রায় ৫১ লাখ ৫৩ হাজার ৯৫৫ টাকা ব্যয়ে খাল পুনঃখনন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। প্রকল্পের আওতায় আরাজী পলাশবাড়ী মৌজার দাশেরহাট ছড়া থেকে এসিল্যান্ড সংযোগ খাল পর্যন্ত প্রায় ২ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। এতে শ্রমিক ব্যয় ধরা হয়েছে ২৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা। প্রকল্পে ১১৯ জন শ্রমিক ৪০ দিন কাজ করবেন। পাশাপাশি ২৫ লাখ ৯১ হাজার ৯৫৫ টাকা ব্যয়ে তিনটি কালভার্ট নির্মাণ, ভেকুর মাধ্যমে মাটি কাটা, বৃক্ষরোপণ, লেভেলিং ও ড্রেসিংয়ের কাজ করা হবে। চলতি অর্থবছরের মধ্যেই প্রকল্পের কাজ শুরু ও শেষ করার পরিকল্পনা নেয়া হয়েছে। উদ্বোধনী আয়োজনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
