|
তারেক রহমানের নেতৃত্বে প্রথম একনেক সভা আজ, উপস্থাপন হচ্ছে ১৭ প্রকল্প
নতুন সময় প্রতিবেদক
|
![]() তারেক রহমানের নেতৃত্বে প্রথম একনেক সভা আজ, উপস্থাপন হচ্ছে ১৭ প্রকল্প সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে ১৮টি প্রকল্পের কথা থাকলেও শেষ পর্যন্ত ১৭টি প্রকল্প উপস্থাপন হতে পারে, যার মধ্যে ৯টি প্রকল্প নতুন। এছাড়া, পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত ৩৩টি প্রকল্পও বৈঠকে উপস্থাপন করা হবে। তবে, আলোচিত ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’ বাদ পড়েছে। ভারতের ফারাক্কা বাঁধের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য এই পদ্মা ব্যারাজ প্রকল্প প্রস্তাব করেছিল পানিসম্পদ মন্ত্রণালয়। প্রকল্পের প্রথম পর্যায়ে ব্যয় ধরা হয়েছিল ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা। তবে, বৈঠকে আলোচনার মধ্যে রয়েছে করতোয়া নদী সিস্টেম উন্নয়ন (বগুড়া ও গাইবান্ধা), ময়মনসিংহে জলবায়ু সহনশীল সেতু নির্মাণ, রাজধানীতে জরুরি পানি সরবরাহ, সর্বজনীন সামাজিক অবকাঠামো নির্মাণ, আইটি ট্রেনিং সেন্টার স্থাপন, সীমান্ত সড়ক নির্মাণ, এবং ৮টি বিভাগে শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়নের জন্য মেডিকেল কলেজ হাসপাতাল ও অংশীদারিত্বমূলক উন্নয়ন প্রকল্প। সভায় উপস্থাপনের জন্য চূড়ান্ত ১৭টি প্রকল্পের মধ্যে নদী, পানি, জলবায়ু বিষয়ক প্রকল্প রয়েছে ৪টি। এছাড়া, অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প ৫টি, সড়ক নির্মাণ ও উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্প তিনটি, মেডিকেল কলেজ হাসপাতাল, ডেন্টাল কলেজ হাসপাতাল নির্মাণ দুইটি, প্রযুক্তি উন্নয়ন বিষয়ক প্রকল্প দুইটি এবং অংশীদারিত্বমূলক উন্নয়ন বিষয়ক প্রকল্প একটি। এসব প্রকল্পে সব মিলিয়ে ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ১৬১ কোটি টাকা। অর্থনীতিবিদরা মনে করছেন, নতুন সরকারের প্রথম একনেক সভায় প্রস্তাবিত প্রকল্পগুলো সরকারের উন্নয়ন পরিকল্পনার প্রাথমিক দিকনির্দেশনা হিসেবে দেখা হবে। তবে, প্রকল্পগুলো বাস্তবায়নে স্বচ্ছতা এবং সঠিক তদারকির প্রয়োজন রয়েছে। নতুন সরকারের প্রথম একনেক বৈঠকের সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর উন্নয়নের অগ্রাধিকার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
