গাজীপুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কা: নিহত -৩, আহত অন্তত ১৫
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 5 April, 2026, 8:59 PM
গাজীপুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কা: নিহত -৩, আহত অন্তত ১৫
গাজীপুরের ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর রডবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় দুইজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। রোববার (৫এপ্রিল) সন্ধ্যার কিছুক্ষণ আগে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর টাঙ্গাইলগামী একটি রডবোঝাই ট্রাকের পেছনে তাকওয়া পরিবহনের একটি মিনিবাস সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং বাসে থাকা আরও অনেক যাত্রী গুরুতর আহত হন।
পরে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে কোনাবাড়ী সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে অন্তত ১২ থেকে ১৩ জন কোনাবাড়ী পপুলার হাসপাতাল ও সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার আহমেদ জানান, টাঙ্গাইলগামী একটি রডবাহী ট্রাককে পেছন থেকে তাকওয়া পরিবহনের একটি মিনিবাস ধাক্কা দেয়। এতে এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। হাসপাতালে গেলে অপর একজনের মৃত্যু বিষয়ে নিশ্চিত হবে পুলিশ এমনটিও জানান ওসি।
তিনি আরও বলেন, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।