চোরকে দিয়ে ১ কিলোমিটার রাস্তা ঝাড়ু দেয়ালেন এলাকাবাসী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 1 April, 2026, 8:04 PM
চোরকে দিয়ে ১ কিলোমিটার রাস্তা ঝাড়ু দেয়ালেন এলাকাবাসী
ঠাকুরগাঁও সদর উপজেলায় সাইকেল চুরির অভিযোগে আটক এক যুবককে মারধর বা পুলিশের হাতে না তুলে ব্যতিক্রমী শাস্তি দিয়েছেন এলাকাবাসী। তাকে দিয়ে প্রায় এক কিলোমিটার রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করানো হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার মন্দিরপাড়া মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শাস্তি পাওয়া যুবকের নাম মাসুদ (৩০)। তিনি পূর্ব গোয়ালপাড়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মাছ বাজার এলাকা থেকে একটি সাইকেল চুরি করে পালানোর সময় সাইকেলের মালিক তাকে ধরে ফেলেন। পরে স্থানীয়রা তাকে আটক করে। এ সময় কেউ কেউ মারধর বা পুলিশের হাতে তুলে দেওয়ার পরামর্শ দিলেও শেষ পর্যন্ত ভিন্নধর্মী শাস্তির সিদ্ধান্ত নেয় এলাকাবাসী।
শাস্তি হিসেবে মাসুদকে এলাকার প্রধান রাস্তার প্রায় এক কিলোমিটার অংশ ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে বলা হয়। তিনি নিজের ভুল স্বীকার করে সেই শাস্তি মেনে নেন এবং রাস্তা পরিষ্কার করেন।
ঘটনাটি ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে লোকজন ভিড় করেন। অনেকেই এমন উদ্যোগের প্রশংসা করেন। স্থানীয়রা বলেন, মারধরের বদলে এমন শাস্তি দিলে অপরাধী সংশোধনের সুযোগ পায় এবং সমাজের জন্যও ইতিবাচক বার্তা যায়।
পেশায় ট্রাকের হেলপার মাসুদ জানান, এটি তার জীবনের প্রথম চুরি। অনলাইন জুয়ায় অনলাইন জুয়ায় নগদ এক হাজার ৫০০ টাকা এবং নিজের মোবাইল ফোন বিক্রি করে আরও দুই হাজার ৬০০ টাকা হারিয়ে আর্থিক সংকটে পড়ে তিনি সাইকেল চুরির পথে যান। তবে এমন শাস্তি পাওয়ার পর তিনি ভবিষ্যতে আর কখনও চুরি করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।