লক্ষ্মীপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী টিপুর প্রতীক দোয়াত কলম
মোস্তাফিজুর রহমান টিপু, লক্ষ্মীপুর
প্রকাশ: Friday, 8 March, 2019, 10:20 PM
লক্ষ্মীপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী টিপুর প্রতীক দোয়াত কলম
আগামী ২৪ মার্চ ৩য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে স্ব স্ব রির্টানিং অফিসারের কার্যালয় থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু পেয়েছে দোয়াত কলম। এর আগে ২০১৪ সালে উপজেলা নির্বাচনেও দোয়াত কলম প্রতীক পেয়ে বিপুল ভোটে নির্বাচিত হন তিনি। এবারো ভাগ্য ও সফলতার প্রতীক হিসেবে দোয়াত কলম মার্কা পেয়ে উৎফুল্ল নেতাকর্মী ও সমর্থকরা।
সকালে জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে জেলা রিটানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামান এ প্রতীক বরাদ্দ দেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। প্রতীক পাওয়ার পর আনন্দে স্লোগান দিতে থাকে শত শত নেতাকর্মী।
এদিকে চেয়ারম্যানসহ তিনটি পদে প্রতীক বরাদ্দ সময় স্ব স্ব প্রার্থীদের সাথে দলীয় নেতাকর্মী সহ উপস্থিত ছিল সমর্থকরাও। তবে নৌকা প্রতীকের প্রার্থী আবুল কাশেম চৌধুরীর পক্ষে তেমন কোন সমর্থক কিংবা কর্মীর উপস্থিতি দেখা যায়নি। কাশেম চৌধুরীর ছেলে উপস্থিত থাকলেও চোখে পড়েনি উপজেলা ও জেলা পর্যায়ের দলীয় কোন নেতাদেরও। অন্য প্রার্থীর সমর্থনের ভীড়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কক্ষে অনেকটাই বাকরুদ্ধ অবস্থায় চুপচাপ বসে থাকতে দেখা গেছে তাকে। এক পর্যায়ে প্রতীক বরাদ্দের পর নৌকা প্রতীক নিয়ে নিজেই নৌকা স্লোগান দিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ত্যাগ করেন ।
এ নিয়ে উপস্থিত সকলের মধ্যে সৃষ্টি হয়কৌতুহল। এমন পরিস্থিতিতে অনেকটাই বিব্রত ছিলেন নৌকার প্রার্থী আবুল কাশেম চৌধুরী। নেতাকর্মীরা সাথে নেই কেন এবিষয়ে জানতে চাওয়ার চেষ্টা করলে কোন মিডিয়ার সাথে কথা না বলেই কেটে পড়েন তিনি।
নৌকা প্রতীকের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কনে করছেন এমন প্রশ্নে এ কে এম সালাহ উদ্দিন টিপু সাংবাদিকদের জানান, নৌকা প্রতীকের প্রার্থীর কোন জনসমর্থন নেই, তার সাথে নেতা তো দুরের কথা কোন কর্মীও নেই। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলে দলীয় কোন নিষেধাজ্ঞা না থাকায় জনপ্রিয়তা যাচাইয়ে আমি প্রার্থী হয়েছি। আমার প্রতীক দোয়াত কলম। সদর উপজেলার ভোটাররা ২০১৪ সালে বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করেছে আগামী ২৪ মার্চ আবারো তারা আমাকে জয়যুক্ত করবে বলে আশা রাখি।