ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঈদযাত্রা: বৃষ্টি ও যানজটে ভোগান্তি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 18 March, 2026, 7:28 PM
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঈদযাত্রা: বৃষ্টি ও যানজটে ভোগান্তি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঢলে বুধবার (১৮ মার্চ) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। এর সঙ্গে আকস্মিক বৃষ্টি যোগ হওয়ায় যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই মহাসড়কের টঙ্গী, বোর্ডবাজার, চান্দনা চৌরাস্তা ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহনের ধীরগতি সৃষ্টি হয়। অতিরিক্ত যানবাহনের চাপ, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং সড়কের পাশে গাড়ি পার্কিংয়ের কারণে কোথাও কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ছিল, যার প্রভাব মহাসড়কেও পড়ে। গাজীপুরের কিছু অংশে বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে যানবাহনের গতি আরও কমে যায় এবং যাত্রীদের ভোগান্তি বাড়ে।
যাত্রীরা জানান, যানজটের পাশাপাশি বৃষ্টির কারণে সড়কে কাদা ও পিচ্ছিল অবস্থার সৃষ্টি হয়, ফলে স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ সময় লাগছে গন্তব্যে পৌঁছাতে। অনেক যাত্রীকে খোলা স্থানে বৃষ্টির মধ্যেই গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে। বেশি ভোগান্তিতে পড়েন ট্রাক ও পিকআপে আরোহী ছাদহীন খোলা যানের যাত্রীরা।
পুলিশ সূত্র জানায়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। কোথাও যানজট সৃষ্টি হলে দ্রুত তা নিরসনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
তবে বিকেলের দিকে পোশাক কারখানাগুলো ছুটি হওয়ায় যানবাহনের চাপ আরও বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টদের ধারনা।
ঈদযাত্রায় বাড়তি চাপ, বৃষ্টি এবং অপরিকল্পিত যান চলাচলের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র ভোগান্তি—যা দিনভর যাত্রীদের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে। দেখা দিয়েছে প্রায় ১৫-২০কিলোমিটার এলাকায় তীব্র যানজট।