ময়মনসিংহে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ; রাতের আঁধারে মাছ নিধন
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Saturday, 28 February, 2026, 9:14 PM
ময়মনসিংহে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ; রাতের আঁধারে মাছ নিধন
ময়মনসিংহ সদর উপজেলার ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নে বিজয় নগর গ্রামে পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের গুরুতর অভিযোগ উঠেছে। এতে এক মৎস্য খামারির প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার চর নিলক্ষিয়া ইউনিয়নের বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম রাসেল দীর্ঘদিন ধরে প্রায় ২৫ শতাংশ জমির একটি পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছিলেন। গত ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী জানান, ২৭ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৭টার দিকে পুকুরে খাবার দিতে গিয়ে তিনি দেখতে পান অসংখ্য মাছ পানিতে ভেসে উঠেছে। অধিকাংশ মাছই মৃত অবস্থায় ছিল। মুহূর্তেই তার কয়েক মাসের পরিশ্রম পানিতে ভেসে যায়। এতে অন্তত ৮ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, এটি পরিকল্পিত নাশকতা। তার সফল মাছ চাষে ঈর্ষান্বিত একটি মহল এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুস সাকিব জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।