বাদীপক্ষের আইনজীবী মো. ওসমান গনি জানান, মামলায় উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে। তার সহযোগী আলাউদ্দিনসহ অজ্ঞাত পরিচয় আরও ২ থেকে ৩ জনকে এতে বিবাদী করা হয়।
মামলার আর্জি সূত্রে জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি সকালে আসামিরা ভুক্তভোগীর এন এস ব্রিকফিল্ডে গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দেওয়ার জন্য তারা চার দিনের সময় বেঁধে দেন। এর চার দিন পর ১৫ ফেব্রুয়ারি বিকেলে আসামিরা আবারও ওই ব্রিকফিল্ডে এসে চাঁদার টাকা দাবি করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ওই সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ী শফিউল আলমের শার্টের কলার ধরে টানাহেঁচড়া ও মারধর করা হয়। একপর্যায়ে আসামিরা প্রতিষ্ঠানের ইঞ্জিন ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।