|
পার্বত্যাঞ্চল খাগড়াছড়িতে অসহায় পরিবারের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() পার্বত্যাঞ্চল খাগড়াছড়িতে অসহায় পরিবারের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন সংগঠন সূত্রে জানা যায়, রমজানে দরিদ্র মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। খাগড়াছড়ির একাধিক উপজেলায় ৫০টি করে অসহায় পরিবারের মাঝে ইফতার প্যাকেজ বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি খেজুর ও ১ কেজি মুড়ি। পাশাপাশি ইবাদতে উৎসাহ দিতে ‘মাহে রমজানের ২৭ আমল’ শীর্ষক একটি বই উপহার দেওয়া হয় । উপকারভোগীদের মধ্যে প্রাধান্য পেয়েছেন দুস্থ, অসহায়, প্রতিবন্ধী, দীর্ঘদিন অসুস্থ ব্যক্তি, বিধবা নারী, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মাদ্রাসা শিক্ষক এবং নিম্ন আয়ের রোজাদার পরিবারগুলো । দীঘিনালা প্রতিনিধি জানান, রমজান উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চলতি বছর ৬৪ জেলার ৬২৭টি স্থানে ৩৩ হাজার ৩০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রায় ২৩৩ টন খাদ্যসামগ্রী প্রস্তুত করা হচ্ছে। প্রতিটি পরিবার প্রায় এক হাজার টাকা সমমূল্যের সহায়তা পেয়েছে । দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড, মেরুং ইউনিয়নের বেতছড়ি ৪ নম্বর ওয়ার্ড ও ছোবাহানপুর ৬ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পশ্চিমপাড়া, বাঁচা মেরুং, বেতছড়ি, বেলছড়ি ও কালাচাঁদ মহাজনপাড়ায় রোজাদার অসহায়, অসুস্থ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে এসব সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে । ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক উপকারভোগী বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালানো কষ্টকর হয়ে পড়ে। এ ধরনের সহায়তা তাদের জন্য বড় স্বস্তি। জানা গেছে, খাগড়াছড়ি ছাড়াও রাঙামাটি ও বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকাতেও ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত রয়েছে। ইফতার বিতরণের পাশাপাশি দুর্যোগকালীন সহায়তা, বন্যাদুর্গতদের সহায়তা, শীতবস্ত্র বিতরণ এবং ঈদে কোরবানির আয়োজনসহ বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছে সংগঠনটি । স্থানীয় সচেতন মহল মনে করেন, রমজানের শুরুতেই এমন মানবিক উদ্যোগ দরিদ্র পরিবারের জন্য স্বস্তি বয়ে আনে। সমাজের বিত্তবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এলে পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব সম্ভব । |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
