ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১ মার্চ ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩২
সানি লিওনির জীবন বদলে দেওয়া ছবি এটা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 24 February, 2026, 10:39 AM

সানি লিওনির জীবন বদলে দেওয়া ছবি এটা

সানি লিওনির জীবন বদলে দেওয়া ছবি এটা

সাবেক পর্নো তারকা বলিউড অভিনেত্রী সানি লিওনি তাঁর ১৫ বছরের ক্যারিয়ারে অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছেন। তবে অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবি ‘কেনেডি’কে তিনি বলছেন নিজের জীবনের অন্যতম বিশেষ কাজ। দীর্ঘদিন মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে ছবিটি নিয়ে খোলামেলা কথা বলেন সানি।

ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে সানি বলেন, ‘আমি ভীষণ উচ্ছ্বসিত। শুটিংয়ে খুব অল্প সময়ের জন্য ছিলাম, কিন্তু সেই সময়টুকু অসাধারণ ছিল। এই ছবির জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। বিভিন্ন দেশ ও চলচ্চিত্র উৎসবে যে প্রতিক্রিয়া পেয়েছি, তা সত্যিই দারুণ। সাধারণ দর্শকদের কাছ থেকেও অসাধারণ সাড়া মিলেছে। সত্যিই খুব রোমাঞ্চকর লাগছে, “কেনেডি” অবশেষে একটি ঘর পেল।’

স্বল্প উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠলেও তা নিয়ে মোটেও বিচলিত নন অভিনেত্রী। তাঁর ভাষায়, ‘স্ক্রিন টাইমের চেয়ে চরিত্রটাই বড় কথা। আমি কতটা প্রভাব ফেলতে পারলাম, সেটাই আসল। ছবিটি দেখলে মনে হবে না যে আমি এসে হঠাৎ হারিয়ে গেছি। বেশির ভাগ বড় ছবির গল্প একটি চরিত্রকে কেন্দ্র করে লেখা হয়, কিন্তু “কেনেডি” তেমন নয়। এখানে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে।’

ছবিটি পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ। প্রথমবার তাঁর কাছ থেকে ফোন পাওয়ার স্মৃতি আজও অবিশ্বাস্য মনে হয় সানির কাছে। তিনি বলেন, ‘অনুরাগ আমাকে ফোন করেছেন শুনে প্রথমে চমকে গিয়েছিলাম। ভেবেছিলাম, উনি কি সত্যিই আমাকে ফোন করতে চেয়েছিলেন? প্রথমে উনি ড্যানিয়েলকে ফোন করেছিলেন। পরে আমাকে ফোন করে অডিশনের কথা বলেন। আমি প্রস্তুত ছিলাম। পরে উনি বললেন, অডিশন দেওয়ার দরকার নেই। কিন্তু আমি অডিশন দিতে চেয়েছিলাম। ড্যানিয়েলও আনন্দে আত্মহারা ছিল।’

চিত্রনাট্য নিয়েও ছিল মজার অভিজ্ঞতা। সানি বলেন, ‘আমি বলেছিলাম, চিত্রনাট্য ইংরেজিতে না পাঠিয়ে হিন্দিতে পাঠান। কিছু হিন্দি শব্দ কঠিন ছিল। সংলাপ মুখস্থ করে ফেলেছিলাম। পরে জানতে পারি, অফিসের সবাই আমার সঙ্গে একটু মজা করছিলেন। কান চলচ্চিত্র উৎসবে এক ডিনারে বিষয়টি জানি। সত্যি বলতে, আমি ভীষণ নার্ভাস ছিলাম।’

ছবিতে ‘চার্লি’ চরিত্রটিকে চ্যালেঞ্জিং বলে উল্লেখ করেন সানি। তাঁর কথায়, ‘অনুরাগের বিশ্বাস ছিল আমি পারব, কিন্তু নিজের ওপর বিশ্বাস ছিল না। চরিত্রটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল চার্লির বিশেষ হাসিটা হুবহু করা। জীবনে কখনো এভাবে হাসিনি। তাই যেখানেই যেতাম, চার্লির মতো করে হাসতাম। আমার টিম ভাবছিল আমি বোধ হয় পাগল হয়ে গেছি। চরিত্রের প্রস্তুতির জন্য সংলাপের কোচিং, স্ক্রিপ্ট রিডিং ও ওয়ার্কশপ করেছি। অনুরাগ আমার একটি সংলাপও বদলাননি। এটি সত্যিই জীবন বদলে দেওয়া একটি ছবি।’

‘কেনেডি’ ছবিতে সানি লিওনির সঙ্গে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন রাহুল ভাট। আন্তর্জাতিক উৎসবে প্রশংসা পাওয়ার পর ছবিটি এবার ভারতে মুক্তি পেয়েছে। ২০ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘কেনেডি’।

ছবিটি ঘিরে এখন দর্শকপ্রতিক্রিয়ার দিকেই তাকিয়ে আছেন সানি। তাঁর বিশ্বাস, ‘কেনেডি’ তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কাজ হয়ে থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status