পিরোজপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 18 February, 2026, 9:37 PM
পিরোজপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ
পবিত্র রমজান মাসকে সামনে রেখে পিরোজপুরে সুবিধাবঞ্চিত ও অতি দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক হলরুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপন-এর উদ্যোগে এবং যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থা মুসলিম এইড ইউকে-এর আর্থিক সহায়তায় সদর উপজেলার ২২৫টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে রমজানের খাদ্যপ্যাকেট বিতরণ করা হয়। প্রতিটি পরিবারের জন্য ২০ কেজি চাল, ৩ কেজি আলু, ২ লিটার তেল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি খেজুর, ২ কেজি মুড়ি, ১ কেজি ছোলা, ১ প্যাকেট নুডুলস এবং একটি বহনের বস্তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উদ্দীপনের প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক রওশন জান্নাত রুশনী, পিরোজপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শহিদুল সরদার ও সদর শাখার ব্যবস্থাপক বাহাদুর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্দীপন পিরোজপুর জোনের জোনাল ব্যবস্থাপক শহীদুল ইসলাম। এছাড়াও মুসলিম এইডের কর্মকর্তা মো. রাইহানসহ উদ্দীপনের বিভিন্ন শাখার ব্যবস্থাপক, এফসিও ও হিসাবরক্ষকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মামুনুর রশিদ বলেন, রমজান মাসে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। সমাজের বিত্তবান ও বিভিন্ন সংস্থাকে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একইসঙ্গে খাদ্য সহায়তার পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিমূলক কার্যক্রমে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, প্রকল্পের শুরু থেকেই উদ্দীপন জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে স্বচ্ছ জরিপের মাধ্যমে প্রকৃত উপকারভোগী নির্বাচন করেছে, যা প্রশংসার দাবিদার। শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাতা সংস্থা মুসলিম এইড ইউকে ও উদ্দীপনকে ধন্যবাদ জানিয়ে উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন প্রধান অতিথি।