|
শ্রীপুরে প্রশাসনের অভিযানে ১৩ বছরের কিশোরীর বাল্যবিবাহ বন্ধ
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() শ্রীপুরে প্রশাসনের অভিযানে ১৩ বছরের কিশোরীর বাল্যবিবাহ বন্ধ শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত প্রায় ৮টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়ন এর ৯ নম্বর ওয়ার্ডের নান্দিয়া সাঙ্গুন এলাকায় গোপনে বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আয়োজন বন্ধ করে দেয়। কনের নাম ফাহমিদা আক্তার মোবাশশিরা (১৩)। তিনি হোসেনপুর উপজেলার হারেঞ্জা গ্রামের মওলানা আবদুল আজিজের মেয়ে। বর রাকিবুল হাসান রিফাত (১৬), শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন বাপ্তা এলাকার রুহুল আমিনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, রাতের আঁধারে গোপনে বিয়ের আয়োজন করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে সচেতন এলাকাবাসী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে অবহিত করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করা হয়। উভয় পক্ষের কাছ থেকে অঙ্গীকারনামা ও মুচলেকা নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য মেহেদী হাসান আশিক, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রানা, আনসার সদস্য তোফাজ্জল হোসেন এবং কাওরাইদ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নিশি। সংরক্ষিত মহিলা সদস্য নিশি বলেন, “স্থানীয়দের সহযোগিতায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে। বাল্যবিবাহ রোধে সবাইকে সচেতন হতে হবে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, “বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। এমন তথ্য পেলেই প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। অভিভাবকদের আইনের প্রতি সম্মান দেখিয়ে শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে হবে।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
