|
কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ম সদস্য সচিবের পদত্যাগ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ম সদস্য সচিবের পদত্যাগ লিখিত পদত্যাগপত্রে জান্নাতুল ফেরদৌস যুথি উল্লেখ করেন, গত ১৬ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির এক বিবৃতির মাধ্যমে কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে তাকে যুগ্ম সদস্য সচিব পদে অন্তর্ভুক্ত করা হলেও এ বিষয়ে তার কোনো ধরনের সম্মতি বা মতামত নেওয়া হয়নি, যা তিনি অপমানজনক ও অনভিপ্রেত বলে উল্লেখ করে এও জানান, জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি যুক্ত থাকলেও তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হতে আগ্রহী নন। তার দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বর্তমানে একটি অঘোষিত রাজনৈতিক সংগঠনে রূপ নিয়েছে এবং তার কলেজ থেকেও এ ধরনের প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার অনুমতি দেয়া হয়নি। পদত্যাগপত্রে অনুমতি ছাড়া তিনি তার নাম ব্যবহার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কুড়িগ্রাম জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে ভবিষ্যতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কার্যক্রমের সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকবে না বলেও তিনি স্পষ্ট করেন। পদত্যাগপত্রটি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পাঠানো হয়েছে। জান্নাতুল ফেরদৌস যুথি সাংবাদিকদের বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন নিজেদের অরাজনৈতিক দাবি করলেও বাস্তবে তারা রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই কাজ করছে। এ বিষয়টি কারও অজানা নয়। আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না এবং আপাতত রাজনীতিতে জড়ানোরও কোনো ইচ্ছা নেই। তিনি আরও বলেন, আমার পরিবার সম্পূর্ণভাবে অরাজনৈতিক, আমরা কেউই রাজনীতির সঙ্গে যুক্ত হতে চাই না। কলেজের প্রোটোকল ভঙ্গ করা কিংবা আমার পড়াশোনার ক্ষতি করতে চাই না। এসব কারণ বিবেচনায় নিয়ে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। সদ্য ঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব খন্দকার আল ইমরান বলেন, প্রথমত তার (যুথি) সম্মতিতেই তাকে এই কমিটিতে রাখা হয়েছে। কিন্তু একটি বাম রাজনৈতিক দলের নেতার সঙ্গে তার সখ্যতা থাকায় মূলতঃ তারই প্ররোচনায় তিনি (যুথি) এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্পূর্ণ একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম, যুথির অভিযোগ ভিত্তিহীন এবং মনগড়া। এর আগে গত ১৬ ডিসেম্বর মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, সভাপতি রিফাত রশিদ এবং সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম স্বাক্ষরিত কেন্দ্রীয় কমিটির এক বিবৃতির মাধ্যমে ৬ মাসের জন্য কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে লোকমান হোসেন লিমনকে আহ্বায়ক, খন্দকার আল ইমরানকে সদস্য সচিব এবং সাকিব মিয়াকে মুখ্য সংগঠক করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
