ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
হিন্দু হয়েও প্রাণপণে কলমা পড়ছিলাম, পাশের জনকে গুলি করে চলে গেল বন্দুকধারী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 April, 2025, 3:14 PM

হিন্দু হয়েও প্রাণপণে কলমা পড়ছিলাম, পাশের জনকে গুলি করে চলে গেল বন্দুকধারী

হিন্দু হয়েও প্রাণপণে কলমা পড়ছিলাম, পাশের জনকে গুলি করে চলে গেল বন্দুকধারী

তেড়ে এসেছিল বন্দুকধারী । বেঁচে থাকবেন, আশাই করেননি ভারতের অসম বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য। চোখের সামনে তিনি পাশের পর্যটককে মরতে দেখেছেন। নিজে বেঁচে গিয়েছেন কেবল উপস্থিত বুদ্ধি আর কপালের জোরে। বন্দুকধারীকে  আসতে দেখেই তিনি কলমা পড়তে শুরু করেছিলেন। পরিবার নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন দেবাশিস।

গেল মঙ্গলবার পহেলগাঁওতে ছিলেন। নিউজ় ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি হামলার মুহূর্তের বর্ণনা দিয়েছেন। জানিয়েছেন, তাঁর পাশে গাছের নীচে শুয়ে কয়েক জন কলমা পড়ছিলেন। তাঁদের কাছ থেকে শুনে শুনে তিনিও কলমা পাঠ করতে শুরু করেন। দেবাশিসের ধারণা, সেই কলমাই তাঁকে বাঁচিয়ে দিয়েছে।

তিনি বলেন, ‘‘পাশের গাছের তলায় দাঁড়িয়ে অনেকে বিড়বিড় করে কলমা পড়ছিলেন। আমি তাঁদের দেখাদেখি সহজাত ভাবেই কলমা পড়তে শুরু করি। কিছু ক্ষণের মধ্যে এক জন আমাদের দিকে এগিয়ে আসে। আমার পাশে যিনি ছিলেন, সরাসরি তাঁর মাথায় গুলি করে।’’ এর পর দেবাশিসের দিকে তাকায় সেই বন্দুকধারী ।

তাঁর কথায়, ‘‘সোজাসুজি আমার দিকে তাকিয়ে ও জিজ্ঞেস করল, ‘কী করছ?’ আমি তখন আরও জোরে জোরে কলমা পড়তে শুরু করে দিয়েছিলাম। আমি জানি না, কী ভেবে আমি এটা করলাম। এর পর ওই বন্দুকধারী মুখ ফিরিয়ে চলে গেল।’’

দেবাশিস জানিয়েছেন, বন্দুকধারী চলে যাওয়ার পর পরিবার নিয়ে উল্টো দিকে পাহাড়ি পথে হাঁটা শুরু করেন তিনি। প্রায় দু’ঘণ্টার জন্য ‘ট্রেক’ করে নিরাপদ স্থানে পৌঁছোন। ঘোড়ার পায়ের ছাপ দেখে এই দু’ঘণ্টা হেঁটেছিলেন দেবাশিসেরা। পরে ঘোড়ার পিঠে চড়ে হোটেলে ফেরেন। দেবাশিস বলেছেন, ‘‘আমি যে এখনও বেঁচে আছি, সেটাই বিশ্বাস হচ্ছে না।’’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status