ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল-সমাবেশ
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Monday, 7 April, 2025, 7:51 PM

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল-সমাবেশ

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল-সমাবেশ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যা ও ধংসযজ্ঞের প্রতিবাদে এবং ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে গাজীপুরে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ শীর্ষক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল সোমবার সকালে গাজীপুরের সকল তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চান্দনা চৌরাস্তায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় ‘ইসরাইলের কালো হাত, ভেঙে দাও ভেঙে দাও’, ‘ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘ইসরায়েলি পণ্য, বয়কট, বয়কট’, ‌‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। পরে  আয়োজিত সমাবেশে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন পেশাজীবি মানুষ।

এসময় তারা বক্তব্যে বলেন, দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইসরাইলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যে গাজায় নিরপরাধ নারী-শিশু ও বয়বৃদ্ধসহ হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন। গাজা আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। পৃথিবীর মানচিত্র থেকে গাজাকে মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে ইসরায়েলি বাহিনী। অথচ এখনও পুরো বিশ্ব নীরব ভূমিকা পালন করছে। এসময় ইসরাইলের বিরুদ্ধে সকল মুসলিম জনতাকে এক হওয়ার আহবান জানান বক্তারা।

অপরদিকে দিনব্যাপী বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে গাজীপুরের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করেছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ নানা পেশাজীবী, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা।

একই দাবি বাস্তবায়নের নিমিত্তে গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে সোমবার গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিতে পালিত হয়েছে এক ব্যতিক্রমী কর্মসূচি। দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা” শীর্ষক বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিসে কর্মবিরতি পালন করা হয়। একইসঙ্গে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এদিন বিশ্ববিদ্যালয়ে সব ধরনের শিক্ষা কার্যক্রমও স্থগিত রাখা হয়।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনি জনগণের ওপর চলমান সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করেন এবং ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। তিনি বলেন, বিশ্বজুড়ে আজ ‘নো ওয়ার্ক নো স্কুল’ (No work no school) কর্মসূচি পালিত হচ্ছে, যেখানে সকল শ্রেণির মানুষ ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। আমরা গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিও এই বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে আজকের মানববন্ধন ও কর্মবিরতির মাধ্যমে আমাদের অবস্থান পরিষ্কার করেছি।

তিনি আরও বলেন, গাজায় নারী ও শিশুদের ওপর বর্বর হামলা চলছে—এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। জাতিসংঘ, ওআইসি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের জোর আহ্বান, এই হত্যাকাণ্ড রুখে দাঁড়ান। ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ান।

মানববন্ধন পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর জনাব রাকিব হোসেন। এছাড়া বক্তব্য রাখেন ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, পরিচালক (শিক্ষার্থী কল্যাণ) জনাব ফারহানা ইসলাম, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) জনাব মো. আশরাফুজ্জামান, সহকারী প্রক্টর জনাব মো. আশিকুচ্ছালেহীন এবং সিনিয়র সিস্টেম এনালিস্ট জনাব মুহাম্মদ শাহীনূল কবীর।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।এছারা একই দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিকেলে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ জামাতে ইসলামের ব্যানারে নানা কর্মসূচি পালিত হয়েছে। এর আগে সকালে একই স্থানে আরো একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status