|
দামুড়হুদায় অপারেশনের মাঝপথে চলে যান চিকিৎসক, জরিমানা ১ লাখ
সাজিদ হাসান সোহাগ, দামুড়হুদা
|
![]() দামুড়হুদায় অপারেশনের মাঝপথে চলে যান চিকিৎসক, জরিমানা ১ লাখ বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে পরিচালিত অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়। জানা যায়, গত ৫ জুন মুসলিমা খাতুন নামে এক রোগীর জরায়ুর টিউমার অপসারণের জন্য ক্লিনিকটিতে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়। অভিযোগ রয়েছে, রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়ার পর অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই অস্ত্রোপচার শুরু করা হয়। একপর্যায়ে অপারেশন অসমাপ্ত অবস্থায় রেখে সংশ্লিষ্ট চিকিৎসক চলে যান। পরে রোগীকে চুয়াডাঙ্গায় স্থানান্তর করে সেখানে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। এ ঘটনায় রোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ টিম ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম, অপরিচ্ছন্ন পরিবেশ এবং প্রয়োজনীয় মানদণ্ড না মানার প্রমাণ পাওয়া যায়। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন অনিয়মের দায়ে অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।তিনি আরও জানান, ক্লিনিকটির প্রয়োজনীয় কাগজপত্র, লাইসেন্স এবং অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনা করে পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
