|
ঠিকানায় গিয়ে পুতুলের সূচনা ফাউন্ডেশনের অস্তিত্ব পায়নি দুদক
নতুন সময় ডেস্ক
|
![]() ঠিকানায় গিয়ে পুতুলের সূচনা ফাউন্ডেশনের অস্তিত্ব পায়নি দুদক বুধবার (২৯ জানুয়ারি) দুপুরের দিকে দুদকের পক্ষ প্রথমে জানানো হয়, ঠিকানা অনুযায়ী, রাজধানীর ধানমন্ডিতে সূচনা ফাউন্ডেশন অবস্থিত। সেখানে অভিযান চালানোর কথা জানায় দুদক। পরে দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম বলেন, ‘ঠিকানায় গিয়ে সূচনা ফাউন্ডেশনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।’ সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক। গত রোববার দুদকের পক্ষ থেকে বলা হয়, সায়মাকে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে মনোনয়নের সময় তিনি কানাডার নাগরিক ছিলেন। প্রার্থীর যোগ্যতার ক্ষেত্রে তাঁর দেওয়া তথ্যাদি যথাযথ ছিল না। তাঁর বিরুদ্ধে দুর্নীতির বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। দুদকের পক্ষ থেকে আরও বলা হয়, সূচনা ফাউন্ডেশন নামের প্রতিষ্ঠান খুলে সায়মা বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে উপঢৌকন ও অর্থ আত্মসাৎ করেছেন। গত ২৪ নভেম্বর সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব স্থগিতের (জব্দ) নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ২০১৪ সালে গড়ে ওঠা সূচনা ফাউন্ডেশন মানসিক প্রতিবন্ধিতা, স্নায়ুবিক প্রতিবন্ধিতা, অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যা যুক্ত ব্যক্তিদের নিয়ে কাজ করে। সায়মা ওয়াজেদ এটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন। প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এর আগে গত ২৫ নভেম্বর সূচনা ফাউন্ডেশনে ব্যাংক হিসাব অবরুদ্ধ করে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী সূচনা ফাউন্ডেশনের পরিচালিত সব হিসাবের লেনদেন স্থগিত রাখা হয়। গত ১২ জানুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ ১৬ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় মামলা দায়ের করে দুদক। একই অভিযোগে ক্ষমতার অপব্যবহার করে রাজউক থেকে প্লট গ্রহণের অভিযোগে পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গত ১৪ জানুয়ারি পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
