দাঁতের চিকিৎসা করাতে গিয়ে এইডসে আক্রান্ত হচ্ছেন না তো?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 March, 2024, 12:30 AM সর্বশেষ আপডেট: Wednesday, 20 March, 2024, 11:19 AM
দাঁতের চিকিৎসা করাতে গিয়ে এইডসে আক্রান্ত হচ্ছেন না তো?
দাঁতের চিকিৎসা করাতে গিয়ে হেপাটাইটিস বা এইডসে আক্রান্ত হচ্ছেন না তো? দেশে বর্তমানে লক্ষাধিক অখ্যাত ডেন্টাল চেম্বারে যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ব্যবস্থা না থাকায় এমন প্রশ্ন উঠেছে। সেসব জায়গায় মানা হয় না চিকিৎসা পদ্ধতি। এমনকি চিকিৎসক নয়, এমন ব্যক্তি দিয়েই চলে এসব চেম্বার। তাদের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই স্বাস্থ্য বিভাগের।
রাজধানীর নাখালপাড়ার মা ডেন্টাল কেয়ারে সরেজমিনে গিয়ে দেখা যায়, এটি চলছে ১০ বছর ধরে। দাঁতের সব চিকিৎসা দেওয়া হলেও সেখানে নেই যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ব্যবস্থা। এমনকি একটি সুঁচও ব্যবহার হয় একাধিকবার।
চিকিৎসকের চেয়ারে বসা তাজবীরুল ইসলাম জানান, দাঁতের চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে তিনি সাধারণ জীবাণুনাশক ব্যবহার করেন। একটি সুঁচও ব্যবহার করেন একাধিকবার।
তাজবীরুলের সঙ্গে কথা বলে জানা যায়, কারিগরি বোর্ড থেকে ডিপ্লোমা করেছেন তিনি। কিন্তু নামের আগে বসিয়েছেন ডাক্তার। কেন তিনি নামের আগে ডাক্তার বসিয়েছেন তার কোনো সদুত্তর নেই তাজবীরুলের কাছে।
একই এলাকার খান ডেন্টাল কেয়ারে গিয়ে দেখা যায়, জীবাণুমুক্ত করার ব্যবস্থা হিসেবে সেখানে আছে ইউভি বক্স। কিন্তু তাতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা নেই। জীবাণুমুক্ত করার উন্নত যন্ত্র দেখাতে নেওয়া হলো পাশের রুমে। কিন্তু যা দেখানো হলো, সেটি আসলে রাইস কুকার।
এমন বাস্তবতা সারা দেশেই। গ্রাম-গঞ্জের অলিগলিতেও গজিয়েছে দাঁতের চিকিৎসার নামে লক্ষাধিক ভুয়া চেম্বার।
সাকশন টিপস বা পাইপ, নিডল একাধিক বার ব্যবহারে আছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি। শুধু অখ্যাত চেম্বার নয়, জীবাণুমুক্ত করার ব্যবস্থা নেই অনেক বিডিএস চিকিৎসকের চেম্বারেও।
নিটোর ডেন্টাল বিভাগের প্রধান ডা. মোস্তাফিজুর রহমান জানান, এসব ডেন্টাল চেম্বারে চিকিৎসা নিয়ে সারা জীবনের জন্য যে কেউ হেপাটাইটিস বা এইচআইভি ভাইরাসে আক্রান্ত হতে পারেন।
দেশে নিবন্ধিত বিডিএস বা দন্ত চিকিৎসক ১৫ হাজার। আর ভুয়া চিকিৎসকের চেম্বার লক্ষাধিক। সরকারের নিয়ন্ত্রণ না থাকায় এসব চেম্বার নিয়ে উদ্বেগ বাড়ছে।
এ বিষয়ে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ডা. হুমায়ুন কবীর বুলবুল বলেন, ‘আমাদের দেশে দাঁতের ভুয়া চিকিৎসক ও চেম্বার থাকার কারণে স্বাস্থ্যঝুঁকি বেড়েই চলেছে। সেই সাথে চেম্বারগুলোতে ব্যবহৃত যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে সঠিক পদ্ধতি অনুসরণ না করায় সংক্রামক বিভিন্ন রোগ যেমন হেপাটাইটিস-বি বা সি অথবা এইচআইভি ভাইরাসের বাহক ক্রমশ বাড়ছে।’
ঝুঁকি এড়াতে সেবা নেওয়ার আগে দন্ত চিকিৎসক বিডিএস পাস কিনা, তা জেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।