একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে সবার চলাচল নির্বিঘ্ন করতে রাজধানীর ১৩টি সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে, থাকছে বিকল্প পথে চলাচলের ব্যবস্থা।
কেন্দ্রীয় শহীদ মিনারে ভিআইপি থেকে শুরু করে সবার জন্যই থাকছে আলাদা গাড়ি রাখার ব্যবস্থা।
বুধবার একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর উন্মুক্ত হবে সর্বসাধারণের জন্য।
জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে পরিকল্পনা হাতে নিয়েছে ডিএমপি। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার বিকেল ৩টা পর্যন্ত বন্ধ থাকবে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার ১৩টি সড়ক। এগুলো হচ্ছে শাহবাগ থেকে টিএসসি মোড়, দোয়েল চত্বর, হাইকোর্ট, শহিদুল্লাহ হল, জিমনেশিয়াম মাঠ, রোমানা ক্রসিং হয়ে জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য, নীলক্ষেত, পলাশী মোড়, বকশি বাজার থেকে চাঁনখারপুল পর্যন্ত।
ভিআইপিদের গাড়ি রাখার জন্য বরাদ্দ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠ, আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন মাঠ, আর সর্বসাধারণের নীলক্ষেত ও পলাশী মোড় এলাকা।