পোষা বিড়ালে প্রতিবেশীর ইলিশ মাছ খেয়ে ফেলার কারণে ক্ষিপ্ত হয়ে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তালাবদ্ধ ঘর থেকে স্বামী-স্ত্রী তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার বরিশাল নগরীর ধান গবেষণা রোডে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আলামিন, তার ভাই ইয়াছিন আরাফাত ও তার বন্ধু মুন্না। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি আরিচুল হক বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
ভুক্তভোগীর বাবা আবদুর রহমান বলেন, দুপুরে পার্শ্ববর্তী ভাড়াটিয়ার বাসায় গিয়ে আমাদের পোষা বিড়াল একটি ইলিশ মাছ খেয়ে ফেলে। বিষয়টি আমার স্ত্রীর কাছে অভিযোগ দিলে মাছ কিনে দেব বলে জানায়। তর্কাতর্কির এক পর্যায়ে আমার স্ত্রীকে ধাক্কা দিলে প্রতিবাদ করে ছেলে আরাফাত। তখন ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে কুপিয়ে আহত করা হয়।
এ ঘটনায় অভবিযুক্তদের বিরুদ্ধে মামলা করবেন বলেও জানান তিনি।