ঢাকা দক্ষিণ সিটির শ্রেষ্ঠ কাউন্সিলর বিএনপির বাদল সরদার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 July, 2023, 12:06 PM
ঢাকা দক্ষিণ সিটির শ্রেষ্ঠ কাউন্সিলর বিএনপির বাদল সরদার
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাদল সরদার ডিএসসিসির ২০২২-২৩ অর্থবছরে সেরা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যাত্রাবাড়ি থানার সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (১৩ জুলাই) ডিএসসিসির সভায় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তাকে শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেন। শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে তাকে ৫০ হাজার টাকা, একটি ক্রেস্ট ও একটি সনদ দেয়া হয়েছে।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, আমার সঙ্গে যারা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন, আমি তাদের মধ্যে উদ্যম, উদ্যোগ, সততা, নিষ্ঠা ও একাগ্রতা পেয়েছি। কিন্তু একুশে পদক, স্বাধীনতা পদকসহ নানারকম স্বীকৃতিতে কখনও জনপ্রতিনিধিদের সেবা ও ত্যাগের মূল্যায়ন করা হয় না। সেজন্য আমরা করপোরেশন থেকে শ্রেষ্ঠ কাউন্সিলর পুরস্কার দিচ্ছি।
জানতে চাইলে ডিএসসিসির শ্রেষ্ঠ কাউন্সিলর মনোনিত হওয়া বাদল সরদার গণমাধ্যমকে বলেন, গত ২৩ বছর ধরে আমি কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি জনগণের ভোটে নির্বাচিত কাউন্সিলর। জনগণের জন্যই আজ আমি এ অবস্থানে এসেছি। তাই এই পদক আমি আমার এলাকার জনগণকে উৎসর্গ করছি। এই স্বীকৃতি আমাকে সমাজসেবা করতে আরও অনুপ্রাণিত করবে।
তিনি আরও বলেন, আমি বিএনপির যাত্রাবাড়ি থানার সাধারণ সম্পাদক। এই সরকারের সময়েও নানা প্রতিবন্ধকতা পার করে আমি জনগণের সেবা করে যাচ্ছি। তার স্বীকৃতি হিসেবেই আজ আমাকে শ্রেষ্ঠ কাউন্সিলর ঘোষণা করা হয়েছে।