কালুকে গ্রেপ্তারের পর যা বললেন সেই অস্ট্রেলিয়ার নাগরিক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 4 April, 2023, 12:14 PM
কালুকে গ্রেপ্তারের পর যা বললেন সেই অস্ট্রেলিয়ার নাগরিক
অস্ট্রেলিয়ান নাগরিক ও ট্রাভেল ভ্লগার লিউক ডামান্ট ৪ দিন আগে ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন। সেখানে দেখা যায়, ঢাকার কাওরান বাজার এলাকায় একজন বয়স্ক মানুষ তার সঙ্গে বিরক্তিকর আচরণ করছে। বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের নজরে এলে তেজগাঁও থানা পুলিশের একটি টিম হাতিরঝিল থানার সহযোগিতায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে। গতকাল রোববার রাত ১২টার দিকে কারওয়ান বাজার ক্রসিংয়ের কাছ থেকে অভিযুক্ত আব্দুল কালুকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের খবর জানতে পেরে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন লুক ডামান্ট।
লিউক ডামান্ট তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘সব দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশকে বিশেষ ধন্যবাদ জানাই। ইউটিউবে ভিডিওটি পোস্ট করার পর থেকে আমি এক হাজারের মতো বাংলাদেশির কাছ থেকে বার্তা পেয়েছি, তারা বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেছেন। এখন পর্যন্ত বাংলাদেশে আমার সফর অবিশ্বাস্য ছিল। কিন্তু প্রতিটি দেশেই কিছু খারাপ লোক থাকে। কিন্তু এই অল্প কয়েকজন ব্যক্তি কোটি কোটি সহৃদয়বান, অতিথিপরায়ণ এবং যত্নশীল বাঙালিদের প্রতিনিধিত্ব করে না।’
তবে ওই বৃদ্ধকে কষ্ট না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানান লুক ডামান্ট। তিনি বলেন, ‘আমার অনুরোধ, যদি ওই ব্যক্তিকে বাংলাদেশে দেখেন, দয়া করে তাকে কষ্ট দেবেন না বা কিছু বলবেন না। সবাই জীবনে ভুল করে এবং তার ফল ভোগ করতে হবে, কিন্তু দয়া করে তাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতি যত্নশীল হোন।’
এর আগে, অস্ট্রেলিয়ান নাগরিক ও ট্রাভেল ভ্লগার লিউক ডামান্ট ৪ দিন আগে ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন। সেখানে দেখা যায়, ঢাকার কারওয়ান বাজার এলাকায় একজন বয়স্ক মানুষ তার সঙ্গে বিরক্তিকর আচরণ করছে।
লিউক ডামান্টের ফেসবুকে প্রায় ৩ দশমিক ২ মিলিয়ন ফলোয়ার। ভিডিওটি ফেসবুকে আপলোড করার পরই দ্রুত তা ছড়িয়ে পড়ে। ফেসবুকে ভিডিওটির দেখা হয় ৯ দশমিক ৪ মিলিয়ন বার।