ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামায় বিঘ্ন ঘটছে।
রোববার ভোরে কুয়াশার কারণে শাহজালালের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে ঢাকামুখী আটটি ফ্লাইট নামতে না পেরে ফিরে যায়। বিলম্বিত হয় আরও সাতটি ফ্লাইট।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলছেন, যে আটটি ফ্লাইট নামতে পারেনি তার মধ্যে সাতটি কলকাতায় এবং একটি ইয়াঙ্গনে গিয়ে নেমেছে।
ঢাকার ওপর চক্কর দিয়ে ঘুরে যাওয়া ফ্লাইটগুলোর মধ্যে সালাম এয়ার, কুয়েত এয়ার, এয়ার এরাবিয়া, জাজিরা এয়ারলাইন্স, গালফ এয়ার, মালিন্দো ও বাংলাদেশ বিমানের সাতটি ফ্লাইট কলকাতা নেমেছে। এয়ার এশিয়ার একটি ফ্লাইট নেমেছে ইয়াঙ্গনে।
ঢাকা থেকে উড়তে যে ফ্লাইটগুলোর দেরি হয়েছে হয়েছে তার মধ্যে রয়েছে, ওমান এয়ার, বিমান বাংলাদেশ, কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স, হিমালয়া এয়ারলাইন্স ও ফ্লাই দুবাইয়ের উড়োজাহাজ।
বিমানবন্দরের কর্মকর্তারা জানান, কনকনে শীতের মধ্যে ঘন কুয়াশা থাকায় গত কয়েক দিন ধরেই রাতে ও সকালের দিকে ঢাকায় ফ্লাইট ওঠানামা ব্যাহত হচ্ছে। দৃষ্টিসীমা কমে আসায় অবতরণে ঝুঁকি এড়াতে আশপাশের অন্য কোনো বিমানবন্দরে নামাতে হচ্ছে উড়োজাহাজ। তাতে ভোগান্তি হচ্ছে যাত্রীদের।