ভারতের বিপক্ষে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খেলতে পারছে না ইনজুরির কারণে। এই সিরিজ থেকে ছিটকে গেছে এমনটাই নিশ্চিত করেছে বিসিবি সূত্র। শুধু তাই নয় টেস্ট সিরিজে খেলতে পারবে না এমনটাই ধারণা করা হচ্ছে। অন্যদিকে প্রশ্ন উঠেছে ওয়ানডে দলের সহ-অধিনায়ক কে সেটি ঘোষণা করেনি। তাহলে এই সিরিজে তামিমের পরিবর্তে দলের নেতৃত্ব দিবেন কে! একটি সূত্রে জানা গেছে, ভারতের বিপক্ষে সিরিজ বলেই নেতৃত্ব দিবেন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। যদিও বিসিবি আনুষ্ঠানিকভাবে কোনোটিরই ঘোষণা করেনি। ৪ঠা ডিসেম্বর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ-ভারত। তবে নিয়মিত অধিনায়ক তামিমকে পাওয়া যাচ্ছে না নিশ্চিত করেছে বিসিবি’র মেডিকেল বিভাগের একটি সূত্রও। গত বুধবার প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি হাঁকান তামিম। ৯৫ বলে খেলেন ১০১ রানের ইনিংস।
তবে সেঞ্চুরি হাঁকানো ইনিংসের পথে নয়, ফিল্ডিং করতে গিয়ে। চোট পাওয়া জায়গায় করানো হয়েছে স্ক্যানও। কুঁচকির এই চোট কিছুদিন আগেও ভুগিয়েছে তামিমকে। সে যাত্রায় ১০ দিনের বিশ্রামে ঠিক হন বাঁহাতি এই ব্যাটার। তবে এবার অন্তত দুই সপ্তাহ থাকতে হচ্ছে বিশ্রামে। আর তাতে পুরো ওয়ানডে সিরিজের সঙ্গে প্রথম টেস্টও খেলা হচ্ছে না মোটামুটি নিশ্চিত। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে ৪, ৭ ও ১০ই ডিসেম্বর। যেখানে প্রথম টেস্ট শুরু হবে ১৪ই ডিসেম্বর। তবে ২২শে ডিসেম্বর শুরু হওয়া দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যেতে পারে।