|
টানা তিনবার কোপা ট্রফি জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
নতুন সময় ডেস্ক
|
![]() টানা তিনবার কোপা ট্রফি জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল সোমবার (২৬ অক্টোবর) রাতে লন্ডনে অনুষ্ঠিত ব্যালন ডি’অর অনুষ্ঠানে ইয়ামালের হাতে তুলে দেওয়া হয় পুরুষদের কোপা ট্রফি। অনূর্ধ্ব-২১ বছর বয়সী সেরা ফুটবলারকে দেওয়া হয় এই পুরস্কার। ২০১৮ সালে প্রবর্তিত কোপা ট্রফির প্রথম বিজয়ী ছিলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। গত বছর টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতে ইতিহাস গড়েছিলেন ইয়ামাল। এবার তৃতীয়বারের মতো কোপা ট্রফি জিতে নিজের সেই কীর্তিকে আরও সমৃদ্ধ করলেন তিনি। পুরস্কারটির ইতিহাসে টানা তিনবার এই স্বীকৃতি পাওয়া প্রথম ফুটবলার ইয়ামাল। তবে এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠানে ইয়ামালের লক্ষ্য শুধু কোপা ট্রফি জয়েই সীমাবদ্ধ ছিল না। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জয়ের আশাও ছিল তার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালক থিয়েরি অঁরি কোপা ট্রফি হাতে পাওয়ার পর ইয়ামালকে প্রশ্ন করেন, তিনি কি এই পুরস্কারই জিততে চেয়েছিলেন? অঁরির প্রশ্নে অনুষ্ঠানস্থলে হাসির রোল পড়ে যায়। কিছুটা বিব্রত ইয়ামাল সরাসরি উত্তর না দিয়ে প্রসঙ্গটি এড়িয়ে যান। পরে নিজের বার্সেলোনা সতীর্থ পাউ কুবারসিকে এই পুরস্কারের আরও যোগ্য বলে মন্তব্য করেন তিনি। শেষ পর্যন্ত মূল ব্যালন ডি’অর জিততে না পারলেও কোপা ট্রফিতে হ্যাটট্রিক তার তরুণ ক্যারিয়ারে যোগ করল আরেকটি অনন্য অর্জন। নারী বিভাগেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে বার্সেলোনা। ক্লাবটির ফরোয়ার্ড ভিকি লোপেজ টানা দ্বিতীয়বারের মতো জিতেছেন নারী কোপা ট্রফি। এর মধ্য দিয়ে একই আসরে পুরুষ ও নারী দুই বিভাগেই পুরস্কার নিজেদের ঘরে তুলেছে বার্সেলোনা। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
