ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাবর নাম নিয়ে সাকিবের নতুন জালিয়াতি! কী বলছে বিসিবি?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 18 September, 2022, 7:42 PM

বাবর নাম নিয়ে সাকিবের নতুন জালিয়াতি! কী বলছে বিসিবি?

বাবর নাম নিয়ে সাকিবের নতুন জালিয়াতি! কী বলছে বিসিবি?

বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানের ব্রোকারেজ প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস লিমিটেডের অনুমতিপত্র (লাইসেন্স) পেতে জালিয়াতির আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শেয়ারবাজারে ব্যবসা করার জন্য সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটির দাপ্তরিক নথিতে তার বাবার নাম ‘জাল’ করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।


ডেইলি সানের এক প্রতিবেদনে উঠে এসেছে এই জালিয়াতির তথ্য। প্রতিবেদনে দাবি করা হয়, একটি নথি তারা পেয়েছে, যেখানে সাকিব খন্দকার মসরুর রেজার পরিবর্তে তার বাবার নাম কাজী আবদুল লতিফ বলে উল্লেখ করেছেন।  দেশের তারকা এই ক্রিকেটারের এমন জালিয়াতির আশ্রয় আশ্চর্যজনক ও মর্মান্তিক। কারণ সাকিব দেশের জনপ্রিয় মুখ এবং তার বাবার নামও পরিচিত।


এই জালিয়াতির অভিযোগ যাচাইয়ের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলামের সঙ্গে কথা হলে তিনি অভিযোগটি সরাসরি নাকচ করে দিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে বিনিয়োগকারীদের তথ্য যাচাই করায় পিতার ভুয়া নাম ব্যবহারের কোনো সুযোগ নেই। দয়া করে তার ক্ষতি করবেন না। তিনি আমাদের শুভেচ্ছা দূত।’


এ বিষয়ে সাকিবের বাবার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার নাম খন্দকার মসরুর রেজা বলে নিশ্চিত করেন। তিনি কোথাও আবদুল লতিফ নাম ব্যবহার করেননি বলেও জানান।


সাকিব তার বাবার নাম সংশোধন করবেন বলেও জানিয়েছেন। তিনি বলেন, ‘কোনো ভুল হলে প্রতিষ্ঠান তা সংশোধন করবে।’


বিএসইসির শুভেচ্ছা দূত থাকাকালে গত বছরের ফেব্রুয়ারিতে সাকিব তার ব্রোকারেজ ফার্ম ‘মোনার্ক হোল্ডিংস’ এর অনুমোদন পেয়েছিলেন। শেয়ার কারসাজির দায়ে দণ্ডিত আবুল খায়ের হিরোর স্ত্রী কাজী সাদিয়া হাসান এ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবং জাভেদ এ মতিন ও আবুল কালাম মাতবর প্রতিষ্ঠানটির পরিচালক।


আজ রবিবার মিরপুর শেরে বাংলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিবের বাবার নাম জালিয়াতির বিষয়ে প্রশ্ন করা হয় বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনকে। জবাবে তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ বাইরের ব্যাপার। যাকে (সাকিব) নিয়ে আপনারা বলছেন তিনি নিজেও এখন দেশের বাইরে আছেন আমি যতটুকু জানি। এ বিষয়গুলো তো আমাদের কাছে সেভাবে আসে না। আপনারা যেভাবে শুনেছেন, আমরাও সেভাবে শুনেছি। এই বিষয় নিয়ে তাই এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না। ’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status