ভোলায় ফাহিম (২৫) নামে এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে ভোলা সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১০ মে) পৌর শহরের হোমিও কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত ফাহিম সদর উপজেলা বাপ্তা ইউনিয়নের চর পোটকা গ্রামের আবুল হোসেনের ছেলে। ভোলা সদর মডেল থানার (ওসি তদন্ত) মো. আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ফাহিম ভুয়া পুলিশ কনস্টেবল সেজে ফেসবুক একাউন্ট খুলে লিয়া নামে এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেয় ফাহিম। একপর্যায়ে তরুণী বুঝতে পারে ফাহিম ভুয়া পুলিশ সদস্য। তখন তরুণী নিরুপায় হয়ে ভোলা সদর মডেল থানায় ফাহিমের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা দায়ের করেন। যাঁর মামলা নম্বর-২০/২২।
মামলার বাদী ও প্রতারণার শিকার ওই তরুণী ভোলা শহরের হোমিও কলেজ রোড এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় ভাড়া থাকেন। তাঁর বাড়ি নোয়াখালীর রায়পুর উপজেলায়।ওই মামলায় মঙ্গলবার সকালে ফাহিমকে শহরের হোমিও কলেজ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিব জানান, ফাহিমকে আটকের পর তাঁর দেয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাড়ি থেকে পুলিশের পোশাক, প্যান্ট, জুতা, গেঞ্জি ও একটি নকল আইডি কার্ড জব্দ করা হয়।তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাহিম জানিয়েছে, সে একাধিক মেয়ের সাথে ফেসবুকে ভুয়া পুলিশ কনস্টেবল সেজে প্রতারণা করে টাকা পয়সা হাতিয়ে নিয়েছেন।
ভোলা সদর মডেল থানার (ওসি তদন্ত) মো. আরমান হোসেন জানান, মঙ্গলবার বিকেলে তাকে আদালতে তোলা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।তিনি আরও জানান, মামলাটির সুষ্ঠ তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের রিমান্ড চাওয়ার প্রয়োজন হলে আদালতে রিমান্ড চাওয়া হতে পারে।