কানাডার টরন্টোতে ২৬ মার্চ থেকে বিমানের ফ্লাইট: বিমান প্রতিমন্ত্রী
আগামী ২৬ মার্চ কানাডার টরন্টোতে বাংলাদেশ বিমানের ফ্লাইট যাত্রা করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
তিনি বলেন, ঢাকা থেকে সরাসরি টরন্টোতে ফ্লাইট চালুর বিষয়ে কার্যক্রম অনেকটা চূড়ান্ত হয়েছে। নতুন নতুন আন্তর্জাতিক গন্তব্যে ডানা মেলছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
শুক্রবার রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ‘বিমান হাফ-ম্যারাথন প্রতিযোগিতা’এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় বিমান প্রতিমন্ত্রী বলেন, আমরা ঢাকা টু নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়েও অনেক দূর অগ্রসর হয়েছি। ঢাকা থেকে জাপানের নারিতাতে ফ্লাইট চালুর বিষয়ে সব কিছু চূড়ান্ত হয়েছে। শুধু করোনার কারণে কার্যক্রম থেমে আছে। পৃথিবীর অন্য আন্তর্জাতিক গন্তব্যেও অদূর ভবিষ্যতে বিমান ডানা মেলবে।
প্রতিবছর বিমান বাংলাদেশ এয়ারলাইনস ম্যারাথনের আয়োজন করবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মার্চ আমাদের অহংকারের মাস। ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। সুতরাং ভিন্ন আঙ্গিকে আজকের ম্যারাথনের আয়োজন। এখন থেকে প্রতি বছর বিমানের আয়োজনে আরো বড় পরিসরে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর হাতে শুরু হয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ বঙ্গবন্ধু কন্যার হাতে তারুণ্যদীপ্ত বিমান এগিয়ে চলছে। দেশের বিমানবন্দরগুলো একের পর এক আন্তর্জাতিক অবয়বে সাজানো হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এখন দৃশ্যমান।
বিমানের সেবার মান নিয়ে আপোষ করা হবে না জানিয়ে মাহবুব আলী বলেন, বাংলাদেশের পতাকা বহন করে বিশ্বের বিভিন্ন গন্তব্যে বিমান উড়ে যায়। আমরা চাই সেই বিমান মাথা উঁচু করে দাঁড়াক। এর জন্য সবার সহযোগিতা প্রয়োজন। সবাই বিমানে ভ্রমণ করবেন। বিমানের ভ্রমণ আনন্দদায়ক হবে। যেকোনো ধরনের অভিযোগ আমাদের জানালে ব্যবস্থা নেয়া হবে।
বিমানের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত হাফ-ম্যারাথন প্রতিযোগিতায় বাংলাদেশসহ ১০টি দেশের ১ হাজার ৮৬২ অ্যাথলেট অংশগ্রহণ করেছেন। এর মধ্যে বিদেশি প্রতিযোগী ছিলেন ২৫ জন।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমান পরিচালনা পর্ষদের সদস্য ব্যারিস্টার তানজীব উল আলম এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।