ভুয়া পরিচয়ে ৩ বিয়ে, সেই কুখ্যাত সন্ত্রাসী রাসেল অবশেষে গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 February, 2022, 7:42 PM
ভুয়া পরিচয়ে ৩ বিয়ে, সেই কুখ্যাত সন্ত্রাসী রাসেল অবশেষে গ্রেফতার
জামালপুরের ইসলামপুরের একটি মাজার থেকে কুখ্যাত সন্ত্রাসী রাসেল ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় দুটি হত্যা, একটি অস্ত্র মামলাসহ ৪টি মামলা রয়েছে। নাম-পরিচয় বদলে দুই জেলায় তিনটি বিয়েও করেছেন তিনি।
ইসলামপুর সার্কেলের এএসপি মো. সুমন মিয়া জানান, সোমবার দুপুরে পৌর এলাকার উত্তর দরিয়াবাদ গ্রামে অভিযান চালিয়ে একটি মাজার থেকে রাসেল ফকিরকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান- সন্ত্রাসী রাসেল দীর্ঘদিন নাম-পরিচয় গোপন করে নোয়াখালী, ফেনী, লক্ষীপুরসহ বিভিন্ন জেলায় দাঁতের ডাক্তার হিসেবে কাজ করতেন। সাধু সেজে মাজারে মাজারে ঘুরে বেড়াতেন, প্রায়ই ভারতে গিয়ে আত্মগোপন করতেন। তিনি জামালপুরে দুটি ও লক্ষ্মীপুরে একটি বিয়ে করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সব অপরাধ স্বীকার করেছেন সন্ত্রাসী রাসেল ফকির। তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এএসপি সুমন মিয়া।