ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পুলিশের বৈঠক
সিঙ্গাপুরের আদলে সোস্যাল মিডিয়ার সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 25 January, 2022, 9:02 AM

সিঙ্গাপুরের আদলে সোস্যাল মিডিয়ার সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা

সিঙ্গাপুরের আদলে সোস্যাল মিডিয়ার সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা

পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হয়েছে। এতে পুলিশ প্রধান ছাড়াও সব জেলার এসপি, ডিআইজি, মহানগর কমিশনার ও ইউনিট প্রধানরা উপস্থিত ছিলেন। পুলিশ সপ্তাহে এবারই প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এই ধরনের মতবিনিময়ের আয়োজন করা হয়।

সোমবার রাতে রাজারবাগ পুলিশ লাইন্সে এই সভা অনুষ্ঠিত হয়। এতে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে 'বিতর্কিত' ও 'দেশবিরোধী' নানা বিষয় ছড়িয়ে নানা সময় গুজব এবং বিভ্রান্তি ছড়ানোর মতো বিষয়গুলো নিয়ে কথা হয়।

সিঙ্গাপুরসহ আরও কয়েকটি দেশের আদলে সোস্যাল মিডিয়ার সঙ্গে চুক্তি করা যায় কিনা তা ভেবে দেখতে বলা হয়েছে। সেখানে আরও বলা হয়, সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হলেও জড়িতদের ব্যাপারে তথ্য চাইলে ফেসবুক, ইউটিউব যথাসময়ে বাংলাদেশকে সরবরাহ করেনি। সিঙ্গাপুরের মতো বাংলাদেশেরও তাদের সঙ্গে চুক্তি থাকলে বিতর্কিত কনটেন্ট দ্রুত সরানো যেত। এমনকি চুক্তি মেনে এসব প্রচারের ব্যাপারেও বাধ্যবাধকতা থাকত।

সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন বলেন, দেশীয় ও আন্তর্জাতিক একটি স্বার্থান্বেষী মহল আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটা বাংলাদেশের ভাবমূর্তির সঙ্গে যায় না। এক্ষেত্রে কাজ করতে তিনি পুলিশ কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন। স্বাগত বক্তব্য দেন অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজি মো. কামরুল আহসান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেছেন, অবৈধ অভিবাসন রোধে পুলিশের আরও কাজ করার সুযোগ রয়েছে। বিদেশে কর্মরত প্রবাসীদের কল্যাণে পুলিশের প্রবাসী সহায়তা সেল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সাইবার অপরাধ মোকাবেলায় আগাম ব্যবস্থা এবং ইন্টেলিজেন্স সংগ্রহের ওপরও জোর দেন সচিব।

তিনি বলেন, জাতিসংঘ শান্তি মিশনের মাধ্যমে আমাদের যে সুনাম এসেছে তা ধরে রাখতে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

বৈঠকে পুলিশের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের দুই কোটির বেশি নাগরিক প্রবাসে রয়েছেন। বিশ্বের প্রায় দেশের দূতাবাসে পুলিশ লিয়াজো অফিসার রয়েছে। তারা মূলত কোনো ডিপ্লোমেট নন। তবে বিদেশে প্রবাসী আর দেশে তার কোনো স্বজন আইনি ঝামেলায় পড়লে পুলিশ লিয়াজো অফিসার তা প্রতিকারে পরামর্শ দিয়ে থাকেন। তারা মূলত প্রবাসীর আইনগত ও নিরাপত্তা সংক্রান্ত ব্যাপার দেখভাল করেন। এই পদটি না থাকায় কোনো প্রবাসীর স্বজন দেশে অনাকাঙ্খিত পরিস্থিতির শিকার হলে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অভিযোগ পুলিশের কাছে পৌঁছতে অনেক সময় ব্যয় হয়।

পুলিশের আরেক কর্মকর্তা বলেন, বিশ্বের অনেক দেশের কারাগারে নানা কারণে বাংলাদেশের নাগরিকরা বন্দি রয়েছেন। পুলিশ লিয়াজো অফিসার থাকলে আইনি পথে এসব বিষয়ে তড়িৎ পদক্ষেপ নেওয়া সম্ভব। এ ছাড়া শান্তিরক্ষা মিশনেও পুলিশের জন্য যেসব পদগুলো রয়েছে সেখানেও তারা যাতে দায়িত্ব পালন করতে পারে তা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে আইজিপি বলেন, বাংলাদেশ দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকে মোকাবেলা করছে। এটাকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

অবৈধ অভিবাসীদের ব্যাপারে পুলিশ প্রধান বলেন, বাংলাদেশের মানুষের এখন আর নৌকায় করে অভিবাসী হিসেবে বিদেশে যাওয়ার মতো অবস্থায় নেই। এক্ষেত্রে জনসচেতনতা বাড়াতে হবে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status