নিজ অফিসে যুবকের ঝুলন্ত লাশ, চিরকুটে লেখা ঋণ-হতাশার কথা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 20 September, 2021, 3:50 PM
নিজ অফিসে যুবকের ঝুলন্ত লাশ, চিরকুটে লেখা ঋণ-হতাশার কথা
নওগাঁর রাণীনগরে নিজ অফিস ঘর থেকে বকুল হোসেন নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই সময় লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে।
রোববার সন্ধ্যায় ওই উপজেলার মিরাট উত্তরপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত বকুল হোসেন মিরাট উত্তরপাড়ার জাইদুল ইসলামের ছেলে।
পুলিশ বলছে, এটি আত্মহত্যা। লাশের পাশে পাওয়া চিরকুটে আত্মহত্যার কারণ হিসেবে ঋণ ও হতাশার কথা লিখে রেখেছিলেন নিহত বকুল। এমনকি যারা তার কাছে টাকা পাবেন তাদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।
নিহতের বাবা জাইদুল ইসলাম বলেন, রোববার দুপুরে আমার ছেলের সঙ্গে খাবার খাই। এরপর আমি নিজের কাজে ও বকুল কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তার অফিসে চলে যায়। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন আমাকে কল করে বাজারে ডাকে। আমি বাজারে গিয়ে বকুলের অফিসে ঢুকে দেখি সে সিলিংয়ের সঙ্গে ঝুলছে।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, ঘটনাস্থল থেকে রোববার সন্ধ্যায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।