ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
পানশিরে প্রায় ৬০০ তালেবান নিহত, দাবি বিদ্রোহীদের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 September, 2021, 10:25 AM

পানশিরে প্রায় ৬০০ তালেবান নিহত, দাবি বিদ্রোহীদের

পানশিরে প্রায় ৬০০ তালেবান নিহত, দাবি বিদ্রোহীদের

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পানশির উপত্যকায় তালেবানের প্রায় ৬০০ সদস্য নিহত হয়েছেন। বিদ্রোহী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ) গতকাল শনিবার এমনটাই দাবি করেছে। রুশ গণমাধ্যম স্পুতনিকের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই এই তথ্য জানিয়েছে।

এনআরএফের মুখপাত্র ফাহিম দাস্তি গতকাল এক টুইটে বলেন, পানশিরের বিভিন্ন জেলায় প্রায় ৬০০ তালেবান নিহত হয়েছে। এক হাজারের বেশি তালেবান আটক হয়েছে বা আত্মসমর্পণ করেছে।

এনআরএফের মুখপাত্র আরও জানান, আফগানিস্তানের অন্যান্য প্রদেশ থেকে রসদ পাওয়ার ক্ষেত্রে তালেবান সমস্যায় আছে।

এদিকে তালেবানের একটি সূত্রের বরাত দিয়ে আল–জাজিরা জানিয়েছে, পানশিরের দখল নিতে লড়াই অব্যাহত আছে। কিন্তু এনআরএফের বিরুদ্ধে তালেবানের আক্রমণের গতি কমে গেছে। কারণ, এলাকাটির সড়কে ভূমি মাইন রয়েছে।

গত ১৫ আগস্ট তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন হয়। কাবুল দখলের পর তিন সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও পানশির উপত্যকার নিয়ন্ত্রণ নিতে পারেনি তালেবান। উপত্যকাটি বিদ্রোহী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে।

অবশ্য গত শুক্রবার পানশির উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছিল তালেবান। কিন্তু গতকালও পানশিরে বিরোধীদের সঙ্গে তালেবানের লড়াই চলছিল।

তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর এই পার্বত্য এলাকায় এনআরএফ গড়ে তোলা হয়। স্থানীয় নেতা আহমেদ মাসুদের নেতৃত্বাধীন মিলিশিয়াদের সঙ্গে আফগান সামরিক বাহিনীর কমান্ডারদের একাংশ মিলে এই ফ্রন্ট গঠন করা হয়েছে।

৩২ বছর বয়সী মাসুদ পানশিরের প্রয়াত গেরিলা কমান্ডার আহমদ শাহ মাসুদের ছেলে। কয়েক দশক আগে সাবেক সোভিয়েত বাহিনী ও পরে (১৯৯৬-২০০১) তালেবানের বিরুদ্ধে লড়াই করে ‘পানশিরের সিংহ’ বলে পরিচিতি পেয়েছিলেন আহমদ শাহ মাসুদ।

এবার তালেবান আবার ক্ষমতায় আসার পর দুই পক্ষের মধ্যে সমঝোতা আলোচনা চলছিল। তবে তাতে সমাধান আসেনি। ফলে তালেবান যুদ্ধের পথ বেছে নেয়। পানশিরের দখল নিতে তালেবান ও এনআরএফের মধ্যে কদিন ধরে তীব্র লড়াই চলছে।

তালেবান আফগানিস্তানে এখনো নতুন সরকার গঠনের ঘোষণা দিতে পারেনি। আগামী সপ্তাহে এ ঘোষণা আসতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status