ঈদে বেড়ানোর জন্য টাকা না দেয়ায় সিরাজগঞ্জের শাহজাদপুরে মায়ের সঙ্গে অভিমান করে রুবেল খান (১৮) নামের এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে।
শনিবার (২৪ জুলাই) দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত রুবেল খান (১৮) উপজেলার পোরজনা ইউনিয়নের হরিনাথপুর গ্রামের নুর ইসলামের ছেলে।
নিহতের পিতা নুর ইসলাম জানান, ঈদ উপলক্ষে রুবেল মায়ের নিকট কিছু টাকা চাইলে তার মা দিতে অস্বীকার করে। এই রাগে ক্ষোভে রুবেল মায়ের ওপর অভিমান করে সকালে বাড়িতে আত্মহত্যা করে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান আরটিভি নিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।