হবিগঞ্জে ৯০ কোটি টাকার সাপের বিষসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল আবু মুছা মোহাম্মদ শরীফুল ইসলামের নেতৃত্বে র্যাব সদস্যরা সদর উপজেলার আটঘরিয়া থেকে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় সাপের বিষসহ বিষ সংরক্ষণের বেশ কিছু সরঞ্জাম।
সোমবার দুপুরে গ্রেফতারদের হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়।
গ্রেফতাররা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউপির আটঘরিয়া গ্রামের আব্দুল বারিকের ছেলে জসিম উদ্দিন ও একই গ্রামের এজাবত আলীর ছেলে আলা উদ্দিন।
র্যাব জানায়, গ্রেফতার দুই পাচারকারীসহ বেশ কয়েকজনের সাপের বিষ পাচারের একটি চক্র রয়েছে। তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থান থেকে বিষ সংগ্রহ করে দেশের বাইরে পাচার করে আসছিল। রোববার সন্ধ্যায় র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে আটঘরিয়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬টি জারের মধ্যে থাকা প্রায় ৯ কেজি ওজনের সাপের বিষ। এছাড়াও উদ্ধার করা হয়েছে ১টি গাইড বই, ১টি ডিভিডি প্লেয়ারসহ আরো বেশ কিছু সরঞ্জাম।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান, র্যাব আসামিদের থানায় হস্তাস্তর করেছে। তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ শেষে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।