ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নুর চৌমুহনী এলাকায় সেপটিক ট্যাংকে নেমে অনিক (২৭) ও জহির মিয়া (২০) নামে দু’জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ জুলাই) দুপুরে ওই এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জাকির হোসেন নামে একজনকে মুমূর্ষু অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতরা হলেন, জহির কসবা উপজেলার কাইমপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ও অনিক বুগীর গ্রামের মনির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১০ জুলাই) দুপুরে নয়নুর চৌমুহনী এলাকার একটি বাড়িতে নতুন সেপটিক ট্যাংক থেকে বাঁশ তুলতে নামেন জহির। অনেকক্ষণ ধরে তিনি ওঠে না আসায় প্রথমে অনিক এবং পরে জাকির নামে সেখানে। এ সময় ৩ জনের কেউই ওঠে আসেনি। পরে বাড়ির লোকজন দেখতে পান ৩ জনই অচেতন অবস্থায় পড়ে আছেন। তারপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে ২ জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে কসবা থানার ইনচার্জ (ওসি) মো. আলমগীর ভূঁইয়া জানান, অক্সিজেনের অভাবে এ দুর্ঘটনা ঘটতে পারে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।