খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন এবং স্বাবলম্বী করে তুলতে ছাগল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে দীঘিনালা জোন কমান্ডারের নির্দেশনায় উপজেলার রাম রতন কারবারিপাড়ার আলমগীর টিলা আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে সাতটি পাহাড়ি পরিবারের প্রত্যেককে দুটি করে ছাগল দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে পরিবারগুলোর বিকল্প আয়ের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
ছাগল বিতরণকালে দীঘিনালা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি চিকিৎসক, জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগীসহ আনুমানিক ২৫ জন উপস্থিত ছিলেন।
ছাগল পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন। তাঁরা এ ধরনের সহায়তার উদ্যোগ নেওয়ায় দীঘিনালা জোনের জোন কমান্ডারের প্রতি ধন্যবাদ জানান এবং বাংলাদেশ সেনাবাহিনী ও দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় দুর্গম এলাকার অসহায় পরিবারগুলোর জীবিকা উন্নয়নে এ ধরনের উদ্যোগ তাদের স্বাবলম্বী হওয়ার পথে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।