মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে কেবল ‘বিধিনিষেধ’ নয়, ‘কঠোর বিধিনিষেধ’ পালনের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই বিধিনিষেধে ‘অতি জরুরি প্রয়োজন ব্যতীত যে কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করেছে প্রশাসন। কেউ জরুরি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
জারিকৃত প্রজ্ঞাপনের ১৩ নম্বর শর্তে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ‘অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আজ বৃহস্পতিবার (৩০ জুন) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বলা হচ্ছে, আগামীকাল ১ জুলাই (বৃহস্পতিবার) ভোর ৬টা থেকে সারাদেশে ৭ দিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধ থাকবে। কেবল ‘জরুরি নয়’, ‘খুব জরুরি’ হলেই বের হওয়ার বৈধতার সুযোগ থাকছে নাগরিকদের।