ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩১ মে ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাড়ে ৭ হাজার টাকার জন্য খুন হন প্রহরী শামসুল, আটক ৭
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 20 May, 2021, 7:23 PM

সাড়ে ৭ হাজার টাকার জন্য খুন হন প্রহরী শামসুল, আটক ৭

সাড়ে ৭ হাজার টাকার জন্য খুন হন প্রহরী শামসুল, আটক ৭

ঢাকার কেরানীগঞ্জে একটি প্যাকেজিং কোম্পানির নিরাপত্তাপ্রহরী শামসুল হককে (৪৪) কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাত ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তাঁদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে মাত্র সাড়ে সাত হাজার টাকার জন্য তাঁকে হত্যা করে ছিনতাইকারীরা।

গত বুধবার রাতে কেরানীগঞ্জের নেকরোজবাগ, কালিন্দী, বরিশুর ও জিনজিরা এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ওই সাতজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন হৃদয় হোসেন (১৭), মো. শামীম (২৮), মো. সাগর (১৭), মো. আমজাদ হোসেন (১৫), সাব্বির হোসেন (১৭), দেলোয়ার হোসেন (১৯) ও মোক্তার হোসেন (২৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, ৭ মে শামসুল হক কর্মস্থল থেকে বের হয়ে রাত সাড়ে ১১টার দিকে কেরানীগঞ্জের গদারবাগ সোনার বাংলা আবাসিক প্রকল্প এলাকায় পৌঁছায়। এ সময় সেখানে ওত পেতে থাকা ছিনতাইকারী দলের সদস্য হৃদয় হোসেন পেছন থেকে শামসুলের পিঠে ছুরিকাঘাত করেন। এ সময় শামসুল ধস্তাধস্তি করলে অপর ছিনতাইকারী শামীম তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। একপর্যায়ে তিনি নিস্তেজ হয়ে পড়লে তাঁর দেহ তল্লাশি করে সাড়ে সাত হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যান।

এ ঘটনায় ৮ মে দুপুরে নিহত ব্যক্তির ভাতিজা আনারুল হক বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবীর বলেন, নিরাপত্তাপ্রহরী শামসুল হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শামীমকে আটক করা হয়। তাঁর কাছ থেকে শামসুলের মুঠোফোন উদ্ধার করা হয়। শামীমের দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে জড়িত হৃদয় ও সাগরকে আটক করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি মোতাবেক হত্যাকাণ্ডে জড়িত আরও চারজনকে আটক করা হয়।

শাহাবুদ্দিন কবীর আরও বলেন, ছিনতাইয়ের উদ্দেশ্যে নিরাপত্তাপ্রহরী শামসুলকে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাত ছিনতাইকারী পুলিশের কাছে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে হত্যাসহ ডাকাতি মামলা করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status