ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩১ মে ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
হঠাৎ চাকরি পেয়ে উচ্ছ্বসিত বিশেষ চাহিদাসম্পন্ন আকলিমা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 20 May, 2021, 7:00 PM

হঠাৎ চাকরি পেয়ে উচ্ছ্বসিত বিশেষ চাহিদাসম্পন্ন আকলিমা

হঠাৎ চাকরি পেয়ে উচ্ছ্বসিত বিশেষ চাহিদাসম্পন্ন আকলিমা

হামাগুড়ি দিয়ে চাকরির আকুল আবেদন নিয়ে জামালপুর পৌরসভায় উপস্থিত হওয়া বিশেষ চাহিদাসম্পন্ন আকলিমা আক্তারকে (২৬) মাস্টার রোলে তাৎক্ষণিক চাকরির ব্যবস্থা করলেন পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু। অপ্রত্যাশিতভাবে চাকরি পাওয়ায় বেশ উচ্ছ্বসিত ও আবেগ আপ্লুত আকলিমা।

মাত্র ছয় মাস বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে দুই পা অবশ হওয়া আকলিমা পৌরসভার কম্পপুরের দরিদ্র কৃষক আলতাফ হোসেনের পাঁচ সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান। হাঁটতে পারেন না। ছোট থেকেই হামাগুড়ি ও হুইল চেয়ারে চলাফেরা করেন। এত প্রতিকূলতার মাঝেও হাল ছাড়েননি তিনি। পড়াশোনা চালিয়ে গেছেন।

আকলিমা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগে কৃতিত্বের সঙ্গে অনার্স-মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরেও চাকরি জুটছিল না তার। হাল ছেড়ে তীব্র হতাশায় সোমবার (১৭ মে) জামালপুর পৌরসভা কার্যালয়ে হামাগুড়ি দিয়ে পৌরসভার দু’তলায় মেয়র মহোদয়ের কাছে এসে নিজের শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন আকলিমা। নবনির্বাচিত পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানুকে আকলিমা তার জীবন সংগ্রামের এবং শত প্রতিকূলতার মাঝেও অদম্য ইচ্ছা শক্তি নিয়ে লেখাপড়া শেষ করার কথা জানান।

আকলিমা বলেন, মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করেছি। ভালো রেজাল্টও করেছি। কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছি। আমি কি পরিবারের বোঝা হয়েই থাকব আজীবন! হামাগুড়ি দিয়ে অফিসের সিঁড়ি বেয়ে উঠেও চাকরি করতে পারব। আমাকে একটা চাকরি দেন। আমি বাঁচতে চাই। পরিবারের হাল ধরতে চাই।

জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু আকলিমার কথা শুনে সঙ্গে সঙ্গে জামালপুর পৌরসভায় কম্পিউটার অপারেটর হিসেবে মাস্টার রোলে চাকরি দেন ও যোগদান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

চাকরি পেয়ে আকলিমা আবেগ আপ্লুত হয়ে যান। কান্নাজড়িত কণ্ঠে বলেন, এতদিন চাকরির জন্য অনেকের কাছে গিয়েছি। সংবাদের শিরোনাম হয়েছি। তবুও কেউ চাকরির ব্যবস্থা করেনি। জামালপুর পৌরসভার মানবিক মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু আমার কথা শুনেই চাকরির ব্যবস্থা করলেন। আজ আমি আর আমার পরিবারের বুঝা নয়।

মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন বলেন, মানুষের পাশে থেকে আত্ম-মানবতার সেবায় কাজ করার প্রতিশ্রুতি নিয়েই মেয়র হয়েছি। বিশেষ চাহিদাসম্পন্ন মানুষরা সমাজের একটি অংশ। তাদের অবহেলার কোনো সুযোগ নেই। সরকার বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য বিশেষ ভাতা চালু করেছে। তারা সমাজের বোঝা নয়, সম্পদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status