ফোনে কুপ্রস্তাব, ঘরে একা পেয়ে গৃহবধূকে রক্তাক্ত করলো তিন যুবক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 20 May, 2021, 4:49 PM
ফোনে কুপ্রস্তাব, ঘরে একা পেয়ে গৃহবধূকে রক্তাক্ত করলো তিন যুবক
স্বামীর অনুপস্থিতিতে ঘরে ঢুকে এক গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা করে তিন যুবক। এ সময় তারা গৃহবধূর শরীরের বিভিন্ন অংশে আঘাত করে রক্তাক্ত করে। পরে গৃহবধূর চিৎকারে প্রতিবেশীর এগিয়ে এলে বখাটের পালিয়ে যায়।
বুধবার (১৯ মে) রাতে এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ৩ জকে আসামি করে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করে। এর আগে মঙ্গলবার (১৮ মে) রাতে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের ২নং ওয়ার্ডে বাদশা মিয়া হাজি গ্রামে এ ঘটনাটি ঘটে। পরে গৃহবধূর স্বামী এসে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মামলার অভিযুক্তরা হলেন, চরঈশ্বর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো. খালেকের ছেলে নজরুল ইসলাম (৩৩), একই এলাকার নুরুল হকের ছেলে জসিম( ৩২) ও মো. মোস্তফার ছেলে হাসান ( ২০)।
ভুক্তভোগী গৃহবধূ জানান, দীর্ঘদিন ধরে নজরুল আমাকে উত্ত্যক্ত করে আসছে। আমার স্বামী একটি যাত্রীবাহী ট্রলারের শ্রমিক। নজরুল একসময় আমার স্বামীর সাথে কাজ করতেন। পরে সে গোপনে আমার স্বামীর মোবাইল থেকে আমার মোবাইল নম্বরটি নিয়ে মাঝে মাঝে কল দিয়ে কুপ্রস্তাব দিত।
ঘটনার দিন রাত ১১টার সময় আমার স্বামী বাড়িতে নেই নিশ্চিত হয়ে নজরুল তার তিন সহযোগীকে নিয়ে আমাদের বাড়ি আসে। আমি ঘুমিয়ে ছিলাম। এই সুযোগে তারা আমার ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করে। তারা আমার শরীরে গলায়, বুকে ও পায়ে আঘাত করে রক্তাক্ত করে। এ সময় আমার চিৎকারে পাশের লোকজন এসে আমাকে আহত অবস্থায় উদ্ধার করে।
এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, গৃহবধূ বাদী হয়ে ৩ জকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।