রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির সাঁজুরিয়া গ্রামের এক শিশু (৬) অপহৃত হয়েছিল। অপহরণের তিন দিন পর আজ বুধবার সকালে তার বাড়ির কাছে একটি পাটক্ষেত থেকে বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই শিশুর নাম মুরসালীন। তার বাবার নাম নবাব আলী মন্ডল।
খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয়রা পাটক্ষেতে বস্তাবন্দী লাশ দেখে পাংশা মডেল থানা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
জানা যায়, গত রোববার (১৬ মে) সকাল ৭টার দিকে নিজ বাড়ির পাশে (সরিষা-হোসেনডাঙ্গা বাজার সড়ক) পাকা রাস্তার ওপর থেকে অপহৃত হয় শিশু মুরসালীন। এ ঘটনায় নবাব আলী মন্ডল বাদী হয়ে অজ্ঞাত আসামি করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন।
আরও জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে মাঠ থেকে ঘাস নিয়ে বাড়ি ফেরার পথে এক নারী পাটক্ষেতের মধ্যে বস্তাবন্দী লাশ দেখে লোকজনকে জানায়। স্থানীয় লোকজন নবাব আলী মন্ডলের বাড়ির দক্ষিণে আনুমানিক ৪০০ গজ দূরে কৃষক বছির উদ্দিনের পাটক্ষেতে বস্তাবন্দী লাশ দেখতে পায়। ঘটনার সঙ্গে জড়িতদের তথ্যানুসন্ধানে পুলিশ তৎপর রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অজ্ঞাতস্থানে শিশুটিকে হত্যা করে লাশ বস্তায় ভরে পাটক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, ঘটনার মোটিভ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।